কঠিন শর্তে ঋণ নেব না : কাদের

বাংলাদেশ কঠিন শর্তে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ নেবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ আমরা নেব। তবে কঠিন কোনো শর্তে ঋণ নেব না।’

গতকাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী।

তবে আইএমএফের কঠিন শর্তের বিষয়ে ব্যাখ্যা দেননি ওবায়দুল কাদের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অতীতে আইএমএফের ঋণের শর্ত সম্পর্কে আমাদের ধারণা আছে। দেশের স্বার্থ ক্ষুণœ হয় এমন কোনো শর্ত আমরা মানব না।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘দেশে ডলার সংকট রয়েছে। রিজার্ভে চাপ বাড়ছে। এ সময় আমাদের টাকা দরকার। ঋণের জন্য আইএমএফের সঙ্গে আলোচনা চলছে। যেটি যৌক্তিক, সেটিই করা হবে।’