রাস্তাঘাট বন্ধ করে সমাবেশের নামে জনগণের জানমালের ক্ষতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, বিএনপি রাজধানী ঢাকায় লাখ লাখ মানুষ নিয়ে সমাবেশ করবে। তারা সেখানেই সরকার গঠন করবে বলে শোনা যাচ্ছে। কিন্তু রাস্তাঘাট বন্ধ করে সমাবেশ করলে; জনগণের জানমালের ক্ষতি করলে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে।
গতকাল বুধবার দুপুরে মাদারীপুর শহরে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের বিনামূল্যে অপারেশনের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো ষড়যন্ত্রে আওয়ামী লীগ বিশ্বাস করে না। আওয়ামী লীগ কোনো বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় আসে না, যতবার ক্ষমতায় আসছে জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসছে। দেশের যেখানেই যাবেন, যেই প্রান্তে যাবেন সেখানে একই ধ্বনিথ শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা।’
কেনিয়ার বেলা রাইসু ফাউন্ডেশন ও আছমত আলী খান ফাউন্ডেশনের আয়োজনে আছমত আলী খান ফাউন্ডেশনের সভাপতি সৈয়দা রোকেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) শাজাহান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের এমপি ড. আবদুস সোবহান গোলাপ, টাঙ্গাইল-২ আসনের এমপি তানভীর হাসান ছোট মনির, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিশেষজ্ঞ সার্জন ডা. মাহবুবুর রহমান কাচ্চু খান, বেলা রাইসু ফাউন্ডেশনের সিইও এবং সিও ডা. ম্যাট্রিন কামু প্রমুখ।