গাবতলীতে চলন্ত বাস থেকে ফেলে হত্যার অভিযোগ

রাজধানীর গাবতলীতে চলন্ত বাস থেকে ফেলে একটি পরিবহন কোম্পানির কাউন্টার মাস্টারকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম এখলাছ উদ্দিন (৪৫)। ঢাকা-পাবনা রুটে চলাচল করা মতিন ট্রাভেলসের কাউন্টার মাস্টার ছিলেন তিনি।

জানা গেছে, গতকাল বুধবার দুপুর ১২টার দিকে গাবতলী বাস টার্মিনালসংলগ্ন প্রধান সড়ক থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় এখলাছ উদ্দিনকে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া ৫টার দিকে মারা যান তিনি। এখলাছের পরিবারের অভিযোগ, তাকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করে চালক ও তার সহকর্মীকে আটক করেছে পুলিশ।

নিহতের স্বজনরা জানান, স্ত্রী পারভিন আক্তার ও দুই সন্তানকে নিয়ে গাবতলীর বাগবাড়ি চারআনি এলাকায় নিজের বাড়িতে থাকতেন এখলাস। তার স্ত্রী পারভিন আক্তার অভিযোগ করে বলেন, ‘গাবতলী টার্মিনালের সামনের সড়কে মীম-ঐশী পরিবহনের একটি বাসের মধ্যে স্টাফদের সঙ্গে আমার স্বামীর ঝগড়া হয়। পরে চলন্ত সেই বাস থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। তখন তিনি মাথায় আঘাত পেলে আশপাশের লোকজন নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে আমরা সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করাই।’

দারুস সালাম থানার ওসি শেখ আমিনুল বাশার দেশ রূপান্তরকে বলেন, ‘টার্মিনালে বাসে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে মীম-ঐশী পরিবহনের বাসের ভেতর ওই বাসের স্টাফদের সঙ্গে এখলাসের ঝগড়া ও হাতাহাতি হয়। একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে জানা গেছে। ঘটনার পরপরই অভিযুক্ত চালক ও স্টাফকে আটক করা হয়েছে। বাসটিও জব্দ করা হয়েছে।’