ভার্চুয়াল মুদ্রার কার্যক্রম রোধে প্রশিক্ষণের নির্দেশ

ক্রিপ্টোকারেন্সি (ডিজিটাল মুদ্রা) বা বিটকয়েন লেনদেন নিষিদ্ধসহ যে কোনো কার্যক্রম পরিচালনার ওপর কেন্দ্রীয় ব্যাংকের নিষেধাজ্ঞা রয়েছে। নিষিদ্ধ এ ভার্চুয়াল মুদ্রা দিয়ে পরিচালিত সব ধরনের কার্যক্রম রোধে জনসমক্ষে প্রচার-প্রচারণাসহ এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, সম্প্রতি বিদেশি ভার্চুয়াল অ্যাসেট সার্ভিস প্রোভাইডার তাদের ওয়েবসাইট ক্রিপ্টোকারেন্সি ও ফরেন কারেন্সি লেনদেন, ক্রয়-বিক্রয়, পুনঃবিক্রয়, ব্যক্তি থেকে ব্যক্তি বিনিময়, স্থানান্তর ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে। ইতিমধ্যে ভার্চুয়াল সম্পদ ও ভার্চুয়াল মুদ্রা লেনদেন এবং বিনিময়, স্থানান্তর, বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসা ও এ-সংক্রান্ত যেকোনো ধরনের কার্যক্রমে সহায়তা প্রদান থেকে বিরত থাকতে বলা হয়েছে।

নির্দেশনায় এখন থেকে ব্যাংকের প্রধান কার্যালয়, সব শাখা, উপ-শাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলোতে দর্শনীয় স্থানে জনসাধারণের অবগতির লক্ষ্যে তাদের বোধগম্য করে নোটিস বোর্ডে প্রদর্শন এবং ওয়েবসাইটের হোম পেজে প্রকাশ করে তা নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি প্রশিক্ষণ প্রোগ্রাম আয়োজন করে প্রশিক্ষণার্থীদের বিজ্ঞপ্তির বিষয়গুলো জানাতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।