সর্বোচ্চ ২৫ হাজার ডলার রাখতে পারবে মানি চেঞ্জার

মানি চেঞ্জারদের ওপর নগদ ২৫ হাজার ডলারের বেশি মুদ্রা রাখার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো দিনে ৫০ লাখ টাকার বেশি নগদ টাকা রাখতে পারবে না। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও অথোরাজইড ডিলার (এডি) শাখাকে পাঠানো হয়েছে। বৈদেশিক বাণিজ্য ও মুদ্রা লেনদেনের অনুমোদনপ্রাপ্ত শাখাকে ব্যাংকিং ভাষায় এডি শাখা বলা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে বৈদেশিক মুদ্রা বেচা-কেনার সঙ্গে জড়িত কোনো মানি চেঞ্জার প্রতিষ্ঠান দিন শেষে নিজেদের কাছে ২৫ হাজার ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নগদ আকারে রাখতে পারবে। এর চেয়ে বেশি বৈদেশিক মুদ্রা থাকলে মানি চেঞ্জার প্রতিষ্ঠানকে ব্যাংকে থাকা তার বৈদেশিক মুদ্রা হিসাবে (এফসি হিসাব) জমা রাখতে হবে। পরে তা প্রয়োজন আকারে তুলতে পারবে তারা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, মানি চেঞ্জারগুলো তাদের এফসি হিসাবে কোনোভাবেই ৫০ হাজার সমপরিমাণ বৈদেশিক মুদ্রার চেয়ে বেশি জমা রাখতে পারবে না। অর্থাৎ, এফসি হিসাবে বৈদেশিক মুদ্রা জমা রাখতে পারলেও দিন শেষে তার পরিমাণ ৫০ হাজার ডলারের বেশি হতে পারবে না। এর চেয়ে বেশি মুদ্রা থাকলে তা ব্যাংকের কাছে বিক্রি করে দিতে হবে প্রতিষ্ঠানটিকে। এছাড়াও ব্যবসা পরিচালনার ক্ষেত্রে মানি চেঞ্জারগুলোকে স্থানীয় মুদ্রায় (টাকা) কোনোভাবেই নগদ ৫০ লাখ টাকার বেশি রাখার ওপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।