গোপালগঞ্জের কাশিয়ানীর কালনা পয়েন্টে মধুমতী সেতুর উদ্বোধনের পর এক মাসে টোল আদায় হয়েছে ১ কোটি ২ লাখ ৯৬ হাজার ৬৯০ টাকা। গত ১১ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে গত বুধবার (৯ নভেম্বর) রাত ১২টা পর্যন্ত এই টোল আদায় করা হয়। মধুমতি সেতু কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধনের পর মধুমতী সেতু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ওই দিন রাত ১২টা ১মিনিটে যানচলাচল শুরু হয়। এই সেতু পার হয়ে ঢাকা-কলকাতা রুটের বাস সার্ভিসসহ স্থানীয় পরিবহন চলাচল শুরু হয়।
টোল প্লাজার ৮টি বুথের মধ্যে ৫টি বুথ চালু করা হয়েছে। যানবাহন চলাচল শুরুর প্রথম এক মাসে ছোট-বড় ১ লাখ ৫ হাজার ৪২৫টি যানবাহন পারাপার হয়েছে।
সেতুটি চালু হওয়ায় ঢাকার সঙ্গে নড়াইল, যশোর, খুলনা, বেনাপোল, সাতক্ষীরাসহ বিভিন্ন অঞ্চলের সড়ক যোগাযোগ সহজ হয়েছে। কমেছে পথের দূরত্ব। ফলে ভোগান্তি ছাড়াই মধুমতি নদী পার হওয়ায় খুশি যাত্রী ও চালকরা।
মধুমতি সেতুতে টোল হার নির্ধারণ করা হয়েছে বড় ট্রেইলার ৫৬৫ টাকা, তিন বা ততোধিক এক্সেল বিশিষ্ট ট্রাক ৪৫০ টাকা, দুই এক্সেল বিশিষ্ট মিডিয়াম ট্রাক ২২৫ টাকা, ছোট ট্রাক ১৭০ টাকা,
কৃষিকাজে ব্যবহৃত পাওয়ার টিলার ও ট্রাক্টর ১৩৫ টাকা, বড় বাসের ক্ষেত্রে ২০৫ টাকা, মিনিবাস বা কোস্টার ১১৫ টাকা, মাইক্রোবাস, পিকাপ, কনভারশনকৃত জিপ ও রেন্ট-এ-কার ৯০ টাকা, প্রাইভেটকার ৫৫ টাকা, অটোটেম্পো, সিএনজি অটোরিকশা, অটোভ্যান ও ব্যাটারিচালিত তিন চাকার যান ২৫ টাকা, মোটরসাইকেল ১০ টাকা এবং রিকশা, ভ্যান ও বাইসাইকেল ৫ টাকা।