শি-বাইডেন বৈঠকে আলোচ্যসূচির শীর্ষে তাইওয়ান

জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের। আগামী সপ্তাহে ইন্দোনেশিয়ার বালিতে বাইডেন ও চিনপিং যখন বৈঠকে বসবেন, তখন তাদের আলোচ্যসূচির শীর্ষে তাইওয়ানই থাকবে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি এক প্রতিবেদনে বলেছে, বহুল আকাক্সিক্ষত এ বৈঠকটি এমন এক সময়ে হতে যাচ্ছে যখন বিশ্বের দুই শীর্ষ অর্থনৈতিক পরাশক্তির মধ্যে সম্পর্ক বেশ তিক্ত।

বিবিসি বলছে, সাম্প্রতিক সময়ে দুই পক্ষের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা ও কথার লড়াইয়ের কারণে সারা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের এশীয় মিত্র ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার নজর এখন জি-২০ সম্মেলনের আগে শি-বাইডেন বৈঠকের দিকেই।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বাইডেন বলেছেন, তাইওয়ান নিয়ে যে আলোচনা করব, তা নিশ্চিত। আমি যেটা করব, সেটা হলো আমরা যখন আলোচনা করব, তখন আমাদের প্রত্যেকের সমস্যা ও সীমাবদ্ধতা কোথায় কোথায় তা ঠিক করা।

তার ভাষ্য, এর মাধ্যমে তারা ঠিক করতে পারবে তারা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়াবে কি জড়াবে না, আর যদি জড়ায়ও তাহলে কীভাবে তার সমাধান হবে, কী করা লাগবে। বাইডেন বলেন, তিনি তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে ‘কোনো ধরনের মৌলিক ছাড়’ দিতে রাজি নন।