টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে বৃষ্টি বেশ ভুগিয়েছে। বেশ কিছু বড় ম্যাচ ভেসে গেছে। বিশেষ করে মেলবোর্নে বৃষ্টির ভোগান্তি ছিল সবচেয়ে বেশি। রবিবার আসরের ফাইনাল হবে মেলবোর্নে। এদিনও যেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, ফাইনালের দিন বৃষ্টির সম্ভাবনা ১০০ শতাংশ। মেলবোর্নে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হবে। প্রায় সারা দিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৮ থেকে ২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
এখানেই শেষ নয়। দুপুরের পর থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
এখন রবিবার ম্যাচ ভেস্তে গেলে কী হবে? ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। তাই রবিবার যদি বৃষ্টির জন্য ফাইনাল না হয়, তবে খেলা হবে সোমবার।
আবার রবিবার যদি কিছুটা খেলা হওয়ার পর বন্ধ হয়ে যায়, সে ক্ষেত্রে সোমবার বাকি খেলা হবে। ফলাফলের জন্য অন্তত ১০ ওভার করে খেলতেই হবে দুই দলকে।
টস হয়ে গেলেই ম্যাচটি লাইভ ধরা হবে। যদি ওভার কমিয়েও বৃষ্টির কারণে খেলা শুরু করা না যায়, তা হলে রিজার্ভ ডেতে ২০ ওভারের ম্যাচই হবে। খেলা শুরুর পর বৃষ্টি নামল, ওভার কমিয়েও প্রয়োজনীয় ওভার করানো গেল না, তেমন পরিস্থিতিতে রিজার্ভ ডেতে খেলা হবে।
সে ক্ষেত্রে খেলা যেখানে শেষ হবে, সেখান থেকেই পরের দিন শুরু হবে। ফাইনালে যাতে পুরো খেলা করা যায়, তাই অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ রয়েছে। রিজার্ভ ডে-তে দুই ঘণ্টা অতিরিক্ত সময় রাখা হয়েছে, স্থানীয় সময় বিকেল তিনটায় সে দিন খেলা শুরু হবে।
সাধারণত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফলাফলের জন্য অন্তত ৫ ওভার করে ব্যাট করতে হয় দুই দলকে। গ্রুপ পর্যায়েও ৫ ওভারের ম্যাচে জয়ী নির্ধারণ করা যায়। কিন্তু বিশ্বকাপের নক আউট পর্বে জয়-পরাজয় নির্ধারণের জন্য দুই দলেরই ১০ ওভার খেলাটা জরুরি। অর্থাৎ রবিবার বৃষ্টিতে খেলা বাতিল হলে সোমবার ম্যাচ হবে।
তবে সোমবারের আবহাওয়াও উদ্বেগে রাখবে। কারণ পূর্বাভাস বলছে, মেলবোর্নের সোমবারের আকাশেও থাকবে কালো মেঘের ঘনঘটা। ১৪ নভেম্বরও বৃষ্টির সম্ভাবনা থাকবে ৯৫ শতাংশ। ৫ থেকে ১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। অর্থাৎ, সে দিনও খেলা হওয়া নিয়ে কোনো নিশ্চয়তা নেই।
রিজার্ভ ডে-তেও যদি খেলা সম্ভব না হয়, সে ক্ষেত্রে কী হবে? যদি দুদিন ধরে একান্তই খেলার আয়োজন করা সম্ভব না হয়, তা হলে আইসিসির নিয়ম অনুযায়ী দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
আরও পড়ুন