টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের ফাইনাল রবিবার। অস্ট্রেলিয়ার মেলবোর্নে শিরোপা নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। এ ম্যাচের ম্যাচ অফিসিয়ালদের নাম চূড়ান্ত করেছে ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি।
আনুষ্ঠানিক বিবৃতিতে বিশ্বকাপের ফাইনালের জন্য ম্যাচ রেফারি, দুজন অন ফিল্ড আম্পায়ার, থার্ড আম্পায়ার ও রিজার্ভ আম্পায়ারের নাম প্রকাশ করে আইসিসি।
অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার মরিস এরাসমাস ও শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা।
টিভি আম্পায়ারের ভূমিকায় থাকবেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি। রিজার্ভ (চতুর্থ) আম্পায়ার হিসেবে আইসিসি নির্বাচিত করেছে অস্ট্রেলিয়ার পল রেইফেলকে।
ম্যাচ রেফারি হিসেবে দেখা যাবে শ্রীলঙ্কার রঞ্জন মদুগালেকে। অর্থাৎ ফাইনালে ম্যাচ অফিসিয়ালদের মধ্যে রয়েছেন শ্রীলঙ্কার দুজন।
এরাসমাস নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার প্রথম সেমিফাইনাল ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেন। অন্যদিকে ধর্মসেনা ভারত ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে অন ফিল্ড আম্পায়ার ছিলেন।
সংযুক্ত আরব আমিরাত ও ওমানে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরের ফাইনালেও অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এরাসমাস। ধর্মসেনা ছিলেন রিজার্ভ আম্পায়ার।
ধর্মসেনা ও এরাসমান দুজনই ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনা করেন অন ফিল্ড আম্পায়ার হিসেবে। সেই ম্যাচে ইংল্যান্ডকে ‘ভুল’ সিদ্ধান্তে ওভার-থ্রোয়ে ৫ রানের বদলে ৬ রান উপহার দিয়েছিলেন ধর্মসেনা। তার সেই সিদ্ধান্ত নিয়ে পরবর্তী সময়ে বিতর্ক তৈরি হয়।
