দিনাজপুরে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৫

দিনাজপুর শহরের গোর-এ শহীদ বড় ময়দান থেকে এক যুবক অপহরণের শিকার হয়েছেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অপহৃত যুবককে উদ্ধার করেছে। এ সময় গ্রেপ্তার করা হয়েছে ৫ অপহরণকারীকে।

শুক্রবার রাত সাড়ে ১১টায় জেলার কাহারোল উপজেলার কান্তজিউ মন্দিরের পেছন থেকে অপহৃত যুবককে উদ্ধার ও ৫ অপহরণকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

উদ্ধারকৃত যুবক হলেন সদর উপজেলার পুলহাট এলাকার মোসলেম আলীর ছেলে সাকিব হোসেন (২০)।

গ্রেপ্তাররা হলেন- জেলা শহরের বালুবাড়ী পশু হাসপাতাল মোড় এলাকার আইনুল ইসলামের ছেলে সজীব রহমান বাধন (২০), উত্তর বালুবাড়ী এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে রবিউল ইসলাম রবি (২৪), বালুবাড়ী ভূমি অফিস সংলগ্ন আমিনুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম আপন (১৯), সুইহারী এলাকার হারুনুর রশিদের ছেলে আফতাহী ইবনে সাফাত (১৯), রাজবাটী এলাকার হাকিমের ছেলে আশিফ রহমান (২১)।

গ্রেপ্তারকৃত বাধনের বিরুদ্ধে আদালতে একটি মামলা, রবির বিরুদ্ধে ডাকাতি মামলা ও আপনের বিরুদ্ধে চুরির মামলা রয়েছে।

অপহরণের শিকার সাকিবের বাবা মোসলেম আলী বলেন, আমার ছেলে গতকাল (শুক্রবার) মোটরসাইকেল নিয়ে বড়মাঠে আসে। পরে তার মোটরসাইকেল নষ্ট হয়ে যায়। পরে তার উপর ৫ জন আক্রমণ করে এবং বাইকে করে তুলে নিয়ে চলে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাচ্ছিলাম না। অপহরণকারীরা আমাদের কাছে টাকা দাবি করে বলে,‘ টাকা দেন তবে আমরা আপনার ছেলেকে ছেড়ে দেব। নইলে মেরে ফেলব। লাশ গুম করে দেব।’ পরে আমি থানায় এসে সহযোগিতা চাই।

কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, আমরা মৌখিকভাবে অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযানে নামি। সাকিবকে অপহরণের পর অপহরণকারী দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে নিয়ে যায়। আমরা প্রযুক্তির সহায়তা নিয়ে তাকে শনাক্তের চেষ্টা করি। অবশেষে কাহারোল থানা-পুলিশের সহযোগিতায় রাত ১১টায় কান্তজিউ মন্দিরের পেছন থেকে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন ও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।