তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুরের শ্রীপুরে পৌনে তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার সকালে এই রেল সড়কে ঢাকামুখী জামালপুর কমিউটার ট্রেনটি বিকল হয়ে এ পথে সব ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে বেলা ১টার দিকে বিকল ট্রেনটি বিকল্প ইঞ্জিন দিয়ে সরিয়ে নিয়ে লাইন ক্লিয়ার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সকাল ১০টার পরে কাওরাইদ-সাতখামাইর রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় জামালপুর কম্পিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা জাহান জানান,  ঢাকাগামী জামালপুর কম্পিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে শ্রীপুরের অদূরে রাজেন্দ্রপুর রেল স্টেশনে অপেক্ষমাণ মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ঘটনাস্থলে নিয়ে আসা হয়। ওই ইঞ্জিনের মাধ্যমে বিকল ট্রেনটিকে টেনে শ্রীপুর রেলওয়ে স্টেশনের একটি লাইনে পার্ক করা হয়। এরপর বেলা পৌনে বারোটার দিকে সব ট্রেন চলাচল স্বাভাবিক হয়।