জান্তাকে গণতন্ত্রে ফিরতে জাতিসংঘ মহাসচিবের আহ্বান

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মিয়ানমারে অবিলম্বে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশটির জান্তার প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার কম্বোডিয়ার রাজধানী নমপেনে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি।

গুতেরেস বলেন, ‘মিয়ানমারের পরিস্থিতি জনগণের জন্য এক অন্তহীন দুঃস্বপ্ন এবং অঞ্চলটির শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। আমি মিয়ানমার কর্র্তৃপক্ষকে আহ্বান করছি, তারা যেন তাদের জনগণের কথা শোনে, রাজনৈতিক বন্দিদের মুক্তি দেয় এবং অবিলম্বে গণতন্ত্রে প্রত্যাবর্তন করে। এটিই স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ।’

আসিয়ান নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের গুতেরেস বলেন, শান্তি পরিকল্পনা নিয়ে আসিয়ানের সঙ্গে জান্তার যে সমঝোতা হয়েছে তা কার্যকর হওয়া জরুরি। মিয়ানমারে বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচার হামলাকে ভয়ংকর ও হৃদয়বিদারক বলে উল্লেখ করেন তিনি।

গত বছরের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে হটিয়ে রাতারাতি ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপরই দেশটির বহু রাজনৈতিক কর্মী, সাংবাদিকসহ বহু মানুষকে কারাগারে পাঠায় জান্তা। ক্ষমতা আঁকড়ে ধরা সামরিকদের দূর করতে দেশজুড়ে আন্দোলন অব্যাহত রেখেছে মিয়ানমারের জনগণ। কিন্তু বিরোধীদের দমাতে সম্প্রতি হত্যাযজ্ঞ তীব্র করেছে জান্তা। এই পরিস্থিতিতে এবারের আসিয়ান সম্মেলনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো শান্তি প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় অসন্তেুাষ প্রকাশ করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে মিয়ানমারের সামরিক সরকারকে আসিয়ানের পাঁচ দফার আলোকে সুনির্দিষ্ট, বাস্তবসম্মত ও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনে আহ্বান জানান তিনি।