করোনার মতো ডেঙ্গুও ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। ইতিমধ্যে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে প্রায় দুইশ’র কাছাকাছি পৌঁছেছে। এটি দেশের ইতিহাসে এক বছরে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। গত প্রায় এক মাস ধরে প্রতিদিন গড়ে চার থেকে পাঁচশ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। তাদের অনেকেই হাসপাতালে ভর্তি হয়ে কঠিন পরিস্থিতি মোকাবিলা করছে। চলতি নভেম্বরের প্রথম ৯ দিনে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন প্রায় ৭ হাজার জন এবং এই সময়ে মারা গেছেন ৪৬ জন। গত অক্টোবর মাসে দেশে ২১ হাজার ৯৩২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মারা যান ৮৬ জন। রাজধানীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি হলেও তা শুধু এখানেই থেমে নেই। এ বছর ৫০টি জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু রোগীর যে হিসাব দিচ্ছে, বাস্তবে আক্রান্ত মানুষের সংখ্যা তার চেয়ে অনেক বেশি। ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে কার্যকর কোনো উদ্যোগ নেই সরকারের।
দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা হয়ে আছে। ২০০০ সালের পর থেকে প্রতি বছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, মানুষ মারাও যাচ্ছে। করোনা মহামারী শুরুর বছর ২০২০ সালে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম ছিল। কিন্তু গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়। এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৫০ হাজার ছাড়িয়েছে। কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী কার্যকর কোনো উদ্যোগ স্বাস্থ্য বিভাগের বা অন্য কোনো বিভাগের নেই। তারা রুটিন মাফিক কাজ করছেন, মর্জিমাফিক কথা বলছেন। মানুষের জীবনের মূল্য না থাকলে যা হয় আর কি! দুশ্চিন্তার বিষয় হলো, বর্ষার মৌসুম শেষ হলেও কমছে না ডেঙ্গুর প্রকোপ। গত বছর এ সময়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে এলেও এ বছর আসেনি; বরং মৃত্যু আতঙ্ক ছড়িয়েই যাচ্ছে। ঢাকার দুই সিটি করপোরেশন থেকে নানা পদক্ষেপ নেওয়া হলেও ডেঙ্গু নিয়ন্ত্রণে তারা সক্ষম হয়নি। তবে সিটি করপোরেশন বলছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে তারা সফল এবং যেসব রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের বেশিরভাগই করপোরেশন এলাকার বাইরে থেকে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসা নিতে আসছেন। দেশে ডেঙ্গুর এই প্রাদুর্ভাব নতুন নয়। প্রতি বছর এই সময় সে রাজধানীসহ বিভিন্ন শহর দাপিয়ে বেড়ায়, প্রাণ কাড়ে প্রতি বছর ডেঙ্গুর খবর সংবাদপত্র জুড়ে থাকে। এবং প্রতি বছরই নিয়ম করে একই কথা ফিরে বলতে হয় : ডেঙ্গুর মোকাবিলায় সিটি করপোরেশন, পৌরসভা ও স্বাস্থ্য দপ্তর কী কী করছে, কতটা করছে, ঠিকমতো ও ঠিক সময়ে করছে কি না। বর্ষার মৌসুম শুরুর আগে থেকে প্রস্তুত হয়ে থাকা জলাশয় ও যে-যে জায়গায় জল জমতে পারে, পূর্বানুমানে সেগুলো পরিষ্কার করার বন্দোবস্ত করা, জনবসতি জঞ্জালমুক্ত রাখা ও সর্বোপরি ডেঙ্গু, তার উপসর্গ ও চিকিৎসা নিয়ে তৃণমূল স্তরে গিয়ে প্রচার অভিযানÑ এগুলো উপেক্ষিতই থাকছে। প্রতি বছর একই অভিযোগ, একই অবহেলা, এ-ই কি তবে ভবিতব্য?
আমাদের দেশে বিশেষজ্ঞদের পরামর্শ বাস্তবায়ন করা হয় না। এমনকি রুটিন কাজটাও ঠিকঠাক মতো করা হয় না। নগরীতে কিছু কিছু এলাকায় মাঝে মাঝে মশক নিধন ওষুধ ছিটানো হয়, মেয়র সাহেবরা হঠাৎ হঠাৎ দুচার জায়গা পরিভ্রমণ করে এক-দুজনকে জরিমানা করেন, হম্বিতম্বি করেন। এর বাইরে ডেঙ্গু নিয়ন্ত্রণে তেমন কোনো কার্যকর উদ্যোগ কখনো দেখা যায় না। তবে ডেঙ্গু প্রতিরোধে সবই সিটি করপোরেশন ও সরকারেরই দায়, এই মনোভাবও ক্ষতিকর। সচেতন হতে হবে নাগরিককেও। জ্বর মানেই তা ভাইরাল, এই মৌসুমে একটু-আধটু হয় বলে অবহেলাও নাগরিক অসচেতনতা, বাড়ির পাশে খোলা জায়গা নর্দমা বা বাগানে নিজেরাই জঞ্জাল ফেলা, ফুলের টব বা ডাবের খোলায় জল জমতে দেওয়াও নাগরিক কাণ্ডজ্ঞানের পরিচয় নয়। সরকারের ব্যবস্থাপনায় গলদ আছে ঠিক কথা, কিন্তু নাগরিক জীবনযাত্রায় ক্ষুদ্রাতিক্ষুদ্র অনেক কিছুই কর্র্তৃপক্ষের সার্বিক নজরদারি এড়িয়ে যেতে পারে। যে কোনো মৃত্যুই বড় বেদনার, বিশেষ করে ডেঙ্গুতে শিশু, তরুণদের মৃত্যু। অথচ, আমরা যেন ধরেই নিয়েছি যে, প্রতি বছর বর্ষাকালে ও বর্ষার আগে-পরে কিছু প্রাণ অকালে ঝরে যাবে। তাই শহরের অজস্র জায়গাকে আমরা মশক বাহিনীর জন্য ‘অভয়ারণ্য’ হিসেবে গড়ে তুলেছি। রাজপথে খানাখন্দ, যত্রতত্র না-বোজানো গর্ত, তা নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই। রাস্তার গর্তে বৃষ্টির জল জমে, জমা জলে দ্রুতলয়ে ডিম পাড়ে মশক বাহিনী। মশার ডিম থেকে বাচ্চা ফুটে ভোর আর সন্ধ্যায় পায়ে হুল ফুটিয়ে যায়। একজন থেকে দশ জনের শরীরে ভাইরাস ছড়ালে রোগ ছড়ানোর দায়টা কার পথের, মশার, সিটি করপোরশেন, নাগরিকদের, না সরকারের?
আমরা সরকার আর সিটি করপোরেশনের ওপর আমাদের রাগ-ক্ষোভ প্রকাশ করি। পারলে লাঠিসোঁটা নিয়ে ঝাঁপিয়ে পড়ি। হ্যাঁ, তাদের ওপর হয়তো ঝাঁপিয়ে পড়াই উচিত। কিন্তু নিজেদের দায়িত্বটাও কি আমরা কখনো ঠিকঠাক মতো পালন করি? নিয়ম করে সাফ করি নিজের বাড়ির ছাদের বা বারান্দার টবে, বালতিতে জমা জল? আমরা বাড়ির ময়লা ফেলি যেখানে সেখানে, ফুলদানির জল একভাবে পড়ে থাকে দিনের পর দিন। মাত্র আধ ইঞ্চি জমা জলেও ডেঙ্গু বা ম্যালেরিয়ার মশা ডিম পাড়ে, বছরভর এ নিয়ে কমবেশি প্রচার চালায় পৌরসভা ও সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ। বর্ষা এলেই ম্যালেরিয়া ও ডেঙ্গু নিয়ে নানা জায়গায় চোখে পড়ে বড় বড় হোর্ডিং, দেখেও কি দেখি আমরা? জ্বর হলেই, ‘ও কিছু না, ভাইরাল ফিভার’ ধরে নিই। হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ডেঙ্গু, ম্যালেরিয়ার পরীক্ষা করাতে গড়িমসি করেন বহু মানুষ। সেটা তার নিজের জন্য, সেই সঙ্গে সবার জন্য বিপদ ডেকে আনে।
কভিডের একের পর এক ভয়ংকর ঢেউ, এতগুলো মর্মান্তিক মৃত্যু চোখের সামনে দেখেও আমরা বুঝলাম না যে, রোগপ্রতিরোধের উপায় আমাদের হাতেই আছে, তা প্রয়োগের ইচ্ছা আর উদ্যম থাকা দরকার। এবং সেই উদ্যম বজায় রাখতে হবে সারা বছর, সব কাজে। বড় বড় নির্মাণ করতে গিয়ে একটা এলাকার জলনিষ্কাশন ব্যবস্থা রুদ্ধ হয়ে যায়। যেসব চক্র বৈধ বা অবৈধ নির্মাণ করতে গিয়ে গোটা এলাকার মানুষকে এভাবে বিপদে ফেলে, সে সব ঘুঘুর বাসা ভাঙতে মাঝেমাঝে হুঙ্কার দিলে কাজ হয় না। বেআইনি নির্মাণের সঙ্গে শহরের জলনিষ্কাশন ব্যবস্থার শুধু নয়, ডেঙ্গু, ম্যালেরিয়া ও নির্দিষ্ট নানা রোগব্যাধি প্রতিরোধের সম্পর্ক গভীর। বেআইনি নির্মাণকে ‘জনস্বাস্থ্য সমস্যা’ বলে দেখা দরকার।
রোগপ্রতিরোধে ব্যর্থতার ঝুলি নিয়েই দেশ এগোচ্ছে অনির্দিষ্ট গন্তব্যে। রাজনৈতিক সংঘাত বাড়ছে। শাসক দল শক্তি প্রয়োগের নীতি নিয়ে টিকে থাকতে চাইছে। কিন্তু মানুষের প্রাণরক্ষায় চোখে পড়ার মতো কোনো কর্মসূচি নেই। ক্ষমতায় থাকা বা ক্ষমতায় যাওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রাণের সুরক্ষা আরও বড়। ডেঙ্গুর চিকিৎসায় রক্তের অণুচক্রিকা বা প্লাটিলেট প্রায়শই অপরিহার্য। রোগী বাড়ছে, প্লাটিলেটের অভাবও দেখা দিচ্ছে। এমন পরিস্থিতিতে দরকার পাড়া-মহল্লায় রক্তদান শিবির। ক্ষমতাসীন দল ও বিরোধী দল আপাতত ব্যস্ত বড় বড় জমায়েত করে নিজেদের জনপ্রিয়তার প্রমাণ দিতে। এতে কার কী লাভ? যে রোগীটা রক্তের অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তার জন্য রক্তের ব্যবস্থা করা কি রাজনৈতিক দলগুলোর কর্তব্য নয়? কোটি কোটি টাকা ব্যয় করে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জনসমাবেশ করার চেয়ে যদি প্রতিটি হাসপাতালে কিংবা পাড়ায় পাড়ায় রক্তদান শিবিরের আয়োজন করা যেত, তাহলে সত্যিকার অর্থে অনেক মানুষের উপকার হতো, অনেকের প্রাণ বাঁচত। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের বাঁচাতে রক্তের জন্য হাহাকার চলছে। এ অবস্থায় রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে।
লেখক: লেখক ও কলামিস্ট
chiros234@gmail.com