ইরানে চলমান বিক্ষোভে মাস দেড়েক আগে গত ৩০ সেপ্টেম্বর শুক্রবার নিরাপত্তা বাহিনীর গুলিতে এক দিনেই কয়েক ডজন মানুষ নিহত হয়। সেই ‘রক্তাক্ত শুক্রবার’ স্মরণে গত শুক্রবার ফের বিক্ষোভ করেছে হাজারো ইরানি। নিহতদের স্মরণে গত শুক্রবার জেহেদানে কয়েক হাজার মানুষের বিক্ষোভের একটি ভিডিও টুইটারে পোস্ট করেছে আন্দোলনকারীদের খবরাখবর দেওয়ার জন্য সুপরিচিত অ্যাকাউন্ট ১৫০০ তাসবির। ইরানি নিরাপত্তা বাহিনীর নির্মম দমনপীড়নের জন্য আন্দোলনকারীদের কাছে দিনটি ‘রক্তাক্ত শুক্রবার’ নামে পরিচিতি পেয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, সেপ্টেম্বরের ওইদিন সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জেহেদানে পুলিশের গুলিতে অন্তত ৬৬ বিক্ষোভকারী নিহত হয়। কঠোর পোশাক বিধান লঙ্ঘনের অভিযোগে কুর্দি নারী মাশা আমিনিকে গ্রেপ্তারের পর নীতি পুলিশের হেফাজতে তার মৃত্যুকে কেন্দ্র করে সেপ্টেম্বরে ইরানজুড়ে শুরু হয় বিক্ষোভ, যা সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।