লেভানডফস্কির মতে বিশ্বকাপ হবে পেশিশক্তির

সাম্প্রতিক ফর্ম ও শক্তির বিচারে এবার বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে আশাবাদী অনেকে। আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছেন প্রতিপক্ষ দলের সেরা স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কিও। পোল্যান্ড অধিনায়কের মতে, এবারের আসরে শিরোপার দাবিদারদের একটি আর্জেন্টিনা।

২০২১-২২ মৌসুমে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সর্বোচ্চ গোল করা লেভানডফস্কি জিতেছেন দ্বিতীয়বারের মতো গোল্ডেন শু। স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপ, বিশ্বকাপে পোল্যান্ডের সম্ভাবনাসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন লেভা। সেখানেই বলেছেন আর্জেন্টিনার কথা। সি গ্রুপে পোল্যান্ড ও আর্জেন্টিনা বাদেও আছে মেক্সিকো ও সৌদি আরব। পরিষ্কারভাবে এই গ্রুপের ফেভারিট দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

বিশ্বকাপে পোল্যান্ডের সম্ভাবনার কথা বলতে গিয়ে লেভানডফস্কি বলেন, ‘অনেক বড় চ্যালেঞ্জ এবং এটা খুব কঠিন একটা গ্রুপ এর প্রতিটি ম্যাচ কঠিন হবে। প্রথম মিনিট থেকেই লড়াই চালিয়ে যেতে হবে। যত কঠিনই হোক নিজেদের সেরাটা দিতে হবে। বিশ্বকাপে নিজেদের খেলার ধরন নিয়ে স্পষ্ট ধারণা থাকা খুব জরুরি।’ আর্জেন্টিনা ফেভারিট কি না এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘আমিও তাই মনে করি। মেসিকে নিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ে ফেভারিট দেশগুলোর একটি। তারা ৩০ (আসলে ৩৫) ম্যাচে হারেনি; দারুণ খেলছে এবং তারা সত্যিই ভালো দল। তাদের একটি পরিকল্পনা আছে, যা তারা দলগতভাবে অনুসরণ করছে।’

ফুটবলে মেসির একটি বিশ্বকাপ পাওনা কথাটি অনেকেই বলে থাকেন। এ বিষয়ে লেভা একমত কি না, এমন প্রশ্নের উত্তরে লেভা বলেছেন মেসি ও রোনালদো দুজনকে নিয়েই। ‘ফুটবলে গেল ১০-১৫ বছর ধরে দেখা যাবে প্রধান দুই চরিত্র মেসি ও রোনালদো। যদি আপনি ভাবতে যান কে এই বিশ্বকাপের দাবিদার এই দুই নাম সবার আগে আসবে। তারা কিংবদন্তি। তবে এটি ফুটবল। কখনোই বলতে পারবেন না কী ঘটতে যাচ্ছে। তবে মেসির বেলায় বলতে হবে সে যা অর্জন করেছে তা অনেকের জন্য অসাধ্য। এখন সে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। তার জন্য এটি বড় চ্যালেঞ্জ।’

মেসির ছেড়ে যাওয়া জায়গা পূরণেই লেভানডফস্কিকে বায়ার্ন মিউনিখ থেকে এনেছে বার্সেলোনা। ফলে স্পেনের সম্ভাবনা নিয়েও কথা বলতে হয়েছে পোলিশ স্ট্রাইকারকে। লেভার মতে স্পেন সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্তও যেতে পারে। লেভা মনে করেন, এবারের বিশ্বকাপে কৌশলের চেয়ে পেশিশক্তিই বেশি দেখা যাবে। এর কারণও ব্যাখ্যা করেছেন লেভানডফস্কি। ‘আমার মতে এবারের বিশ্বকাপ হবে পেশিশক্তির। বিশ্বকাপ এমন সময়ে হচ্ছে যখন খেলোয়াড়রা খেলার মধ্যেই আছে। দলগুলো ঝুঁকি নিয়েই খেলবে। কারণ গ্রুপ পর্বে দলগুলোর তিন খেলা শেষ হবে ৭-১০ দিনের মধ্যে।’

বিশ্বকাপে লেভানডফস্কি নিজের গোল নিয়ে ভাবছেন না। দলগতভাবে কী করতে পারল পোল্যান্ড সেদিকেই নজর দেবেন তিনি। বেশি বেশি গোল করে দলকে ভালো অবস্থানে নিতে পারলে খুশি লেভানডফস্কি।