সড়কে সাত মৃত্যুর পাঁচই মোটরসাইকেল দুর্ঘটনায়

সড়ক দুর্ঘটনায় আগের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকা থেকে সাতজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে পাঁচজনেরই মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। বাকি দুজন নিহত হয়েছেন অটোরিকশার ধাক্কায়। গতকাল রবিবার ঠাকুরগাঁও, নারায়ণগঞ্জ, নোয়াখালী, দিনাজপুর ও নেত্রোকোনায় দুর্ঘটনাগুলো ঘটে। এসব দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

দেশ রূপান্তরের সংশ্লিষ্ট এলাকা প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত

ঠাকুরগাঁও প্রতিনিধি জানিয়েছেন, সদর উপজেলার ফাড়াবাড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা হলেন মিন্টু (৩২) ও হাসান (৩০)। আহত হয়েছেন আরও দুজন। গত শনিবার রাতে ফাড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিন্টু সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। আর হাসান আঁকচা ইউনিয়নের ফাড়াবাড়ি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসাইন জানান, একটি মোটরসাইকেলে তিন যুবক পাটিয়াডাঙ্গীর দিক হতে ফাড়াবাড়ির দিকে যাচ্ছিল। এ সময় ফাড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের কাছে পৌঁছলে চালক বাইকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে যানটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে বাইকের তিনজনই গুরুতর আহত হন। আহত হন এক পথচারীও। খবর পেয়ে বাইক আরোহী তিনজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে ২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতরা হাসপাতালে ভর্তি রয়েছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, জেলার এ কে এম নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় সিমন হোসেন (২১) ও নাঈম হোসেন দ্বীপ (২০) নামে দুই যুবক নিহত হয়েছেন। নিহত সিমন সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের আবু সালেহ আহমেদের ছেলে। তার মা গোগনগর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য নিলুফা বেগম। নাঈম হোসেন দ্বীপ গলাচিপা এলাকার স্বাধীন মিয়ার ছেলে।

গোগনগর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড মেম্বার সৈকত হোসেন জানান, দুই যুবক মোটরসাইকেলে শীতলক্ষ্যা সেতু পার হচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি সেতুর ব্যারিকেডে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিমন মারা যান। তার বন্ধু নাঈমকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি জানান, সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. আবদুল হামিদ (৫২) নামের জাতীয় পার্টির এক নেতার মৃত্যু হয়েছে। মো. আবদুল হামিদ এওজবালিয়া ইউনিয়নের চাড়াবানু গ্রামের মৃত নুরুল হকের ছেলে এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা শহরের ব্যবসায়ী। গতকাল বিকেলে সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের নুরু পাটোয়ারীর হাট এলাকায় সোনাপুর-আলেকজান্ডার সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ আনোয়ারুল আজিম বলেন, দুর্ঘটনায় মাথায় আঘাত পাওয়ার কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

সুধারাম থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম জানান, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

 এদিকে নেত্রকোনা কলমাকান্দায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় অজ্ঞাত (৭০) এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে কলমাকান্দা-বিশরপাশা রাস্তার উপজেলার সদর ইউনিয়নে বাদাইমা বাজারের পূর্ব দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশা চালক মো. শফিকুল ইসলাম (৩০) পুলিশ হেফাজতে রয়েছেন।

কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম অটোচালকের বরাত দিয়ে বলেন, উপজেলার বিশরপাশা বাজার থেকে কলমাকান্দা বাজারে আসার পথে বাদাইমা বাজারের পূর্ব পাশে রাস্তায় দাঁড়িয়ে থাকা বৃদ্ধা অটোরিকশা থামাতে ইশারা দেন। চালক অটোরিকশাটি থামানোর পূর্বেই হঠাৎ বৃদ্ধা মাথা ঘুরিয়ে এর নিচে চাপা পড়ে যান। পরে চালক যাত্রীদের নামিয়ে আহত অবস্থায় বৃদ্ধাকে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক নিশাত তাসনিম বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুরের খানসামা উপজেলায়ও অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল উপজেলার খামারপাড়া ইউনিয়নের বালাপাড়া দাখিল মাদ্রাসার পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত ৭০ বছর বয়সী অমিছা বেগম একই এলাকার মৃত আব্দুল গফুরের স্ত্রী।

খানসামা থানার উপ-পরিদর্শক মানিকুল ইসলাম জানান, পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা করা হয়েছে।