প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, শতভাগ মানুষকে ব্যাংক অ্যাকাউন্ট সেবার আওতায় নিয়ে আসার অংশ হিসেবে আগামী তিন-চার বছরের মধ্যে ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠা সরকারের লক্ষ্য।
তিনি গতকাল রবিবার সকালে রাজধানীর একটি হোটেলে ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজেশন প্ল্যাটফরম (আইডিটিপি) ‘বিনিময়’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
জয় বলেন, ‘বর্তমানে প্রায় পাঁচ-ছয় কোটি গ্রামবাসীর ব্যাংক অ্যাকাউন্ট নেই। যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও জয়লাভ করতে পারে, তবে বাংলাদেশের শতভাগ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থাকবে এবং আমাদের সরকারের পরবর্তী মেয়াদে তারা ক্যাশলেস সমাজে বাস করবেন।’
তিনি বলেন, ‘নেটওয়ার্ক সিস্টেম স্থাপিত হয়েছে, সরকারের সেবা ডিজিটালাইজড হয়েছে, প্রযুক্তি উন্নত হয়েছে, বাংলাদেশে বৃহৎ আইটি কোম্পানি গড়ে উঠেছে। এখন দেশেই ল্যাপটপ, মোবাইল ফোন সেট ও কম্পিউটার মেমোরি চিপস উৎপন্ন হচ্ছে এবং এগুলো রপ্তানি শুরু হতে যাচ্ছে।’
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘এখন আমাদের লক্ষ্য হচ্ছে, একটি ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠা। আমরা ইতিমধ্যেই এ ব্যাপারে কাজ শুরু করে দিয়েছি। কিন্তু এতে তিন থেকে চার বছর সময় লাগবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক মেজবাউল হক এই প্ল্যাটফর্মের বৈশিষ্ট্য বর্ণনা করে একটি উপস্থাপনা পরিবেশন করেন।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিনিময়’ ডিজিটাল আর্থিক লেনদেনের জন্য একটি যুগান্তকারী প্ল্যাটফর্ম, যা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সরকারের একটি সময়োচিত ও সুদূরপ্রসারী পদক্ষেপ।
সাম্প্রতিক বছরগুলোতে সরকার সব ব্যাংক, এমএফএস অপারেটর ও পিএসপি অ্যাকাউন্টকে ইন্টারঅপারেবল করতে পদক্ষেপ নিয়েছে। ফলে ভোক্তা, ব্যবসায়ী, পিএসপি, ই-ওয়ালেটস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন সহজ হবে।
এতে আরও বলা হয়, ‘বিনিময়’ সব ধরনের আর্থিক লেনদেনকে ব্যয়সাশ্রয়ী, সহজ ও স্বচ্ছতা নিশ্চিত করবে। এ ছাড়া এর মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের বেতন প্রদান, রেমিট্যান্স পাঠানো, ট্যাক্স বা ভ্যাট পরিশোধ, বিভিন্ন উপযোগী বিল পরিশোধ ও ই-কমার্স লেনদেন করা যাবে। ওয়েবভিত্তিক প্ল্যাটফর্ম ‘বিনিময়’ ব্যাংকের বিভিন্ন অ্যাপস, মোবাইল আর্থিক সেবা ও পেমেন্ট সিস্টেম প্রোভাইডারের মধ্যে সমন্বয় সাধন করবে।
আইসিটি ডিভিশন এবং বাংলাদেশ ব্যাংকের ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ ডেভেলপমেন্ট একাডেমি (আইডিইএ) প্রোগ্রামের অংশ হিসেবে ভেলওয়ার লিমিটেড, মাইক্রোসফট বাংলাদেশ ও অরিয়ন ইনফরমেটিকস লিমিটেড এ প্ল্যাটফর্মটি তৈরিতে সহায়তা করেছে। ‘বিনিময়’ প্ল্যাটফর্মের দায়িত্ব সমন্বয় করবে ভেলওয়ার লিমিটেড।
বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে আইডিপিটির খরচ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, বিকাশ থেকে রকেটে টাকা পাঠাতে প্রতি হাজারে খরচ হবে ৫ টাকা। আর এমএফএস সেবা (বিকাশ, রকেট ইত্যাদি) থেকে ব্যাংকে টাকা পাঠাতে (প্রতি হাজারে) খরচ হবে ১০ টাকা। অপরদিকে এমএফএস থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) অ্যাকাউন্টে টাকা পাঠাতে খরচ হবে হাজারে ৫ টাকা। সোমবার (আজ) থেকে এ প্ল্যাটফর্মে লেনদেন করা যাবে। বাসস