ঝিনাইদহে কাদের

হাওয়া ভবন ময়ূর সিংহাসন ফিরে পেতে চায় বিএনপি

তত্ত্বাবধায়ক সরকারের কথা ভুলে যান, ওটা এখন মিউজিয়ামে, বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘শেখ হাসিনার উন্নয়ন দেখে ওদের এখন জ¦ালা। হারিয়ে যাওয়া হাওয়া ভবন আর সেই ময়ূর সিংহাসন ফিরে পেতেই বিএনপির এ আন্দোলন।

গতকাল রবিবার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় ওবায়দুল কাদের এসব মন্তব্য করেন।

জেলা পানি উন্নয়ন বোর্ড মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশে আরও বলেন, ‘লাফালাফি করবেন না। আপনাদের আন্দোলনের পতন হয়েছে, নির্বাচনেও আপনাদের পরাজয় হবে। অস্ত্র পাচারকারী আপনাদের নেতা, এটা হতে দেওয়া হবে না। এ দেশে যা উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগের আমলেই হয়েছে।’

সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কার্যনির্বাহী সংসদ সদস্য আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা, গ্লোরিয়া সরকার ঝর্না।

সম্মেলনে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আবদুল হাই। অনুষ্ঠানটি পরিচালনা করেন দলের জেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।

সম্মেলনের সমাবেশ পর্ব শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি পদে আবারও আবদুল হাই ও সাধারণ সম্পাদক পদে সাইদুল করিম মিন্টুর নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।