বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুরের ব্যবসায়ীরা

বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুরের ব্যবসায়ীরা। জিটুজি ভিত্তিতে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন তারা। গতকাল সোমবার বেজার সভাকক্ষে বাংলাদেশে বিনিয়োগের বিষয় যাচাই এবং আলোচনার জন্য সিঙ্গাপুর থেকে আসা ব্যবসায়ী সম্প্রদায়ের শীর্ষ সংগঠন সিঙ্গাপুর বিজনেস ফেডারেশন এবং এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের সঙ্গে বৈঠক করেছে বেজা।

সভায় অংশ নিয়ে সিঙ্গাপুরের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। সিঙ্গাপুর ব্যবসায়ী দলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। সভায় বেজার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের নির্বাহী পরিচালক মি. সো ওয়েই চেন, এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের আঞ্চলিক পরিচালক মিস সাবরিনা হো, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের সভাপতি মোহাম্মদ শহীদুজ্জামানসহ অন্য প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। সিঙ্গাপুরের ব্যবসায়ীদের প্রতিনিধি কর অবকাশ, বিনিয়োগের প্রকৃতি এবং এর সঙ্গে সম্পর্কিত ব্যয় সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।

প্রতিনিধি দলটি পর্যটন খাত, একক বিনিয়োগ এবং জিটুজি ভিত্তিতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে। বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো বাংলাদেশ এবং সিঙ্গাপুরের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, দুই দেশের অর্থনৈতিক বন্ধনকে আরও দৃঢ় করতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সিঙ্গাপুর এবং সে দেশের বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো এ লক্ষ্যে সমন্বিতভাবে নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করছে।