সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী আর নেই। গতকাল সোমবার দুপুর পৌনে ১টায় রাজধানীর গুলশানের একটি হাসপাতালে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ রহমান দেশ রূপান্তরকে বলেন, বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ ছিলেন গোলাম রাব্বানী। অবস্থার অবনতি হলে তাকে গতকাল গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, আগামীকাল বুধবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে রাজশাহীতে তাকে দাফন করা হবে।
১৯৩৭ সালের ১০ জানুয়ারি বগুড়ায় জন্মগ্রহণ করেন গোলাম রাব্বানী। ১৯৬০ সালে আইনজীবী হিসেবে পেশাজীবন শুরু করেন। ১৯৯২ সালের ১৮ ফেব্রুয়ারি হাইকোর্টে অতিরিক্তি বিচারক হিসেবে নিয়োগ পেয়ে ১৯৯৪ সালের ১৮ ফেব্রুয়ারি স্থায়ী বিচারক হন তিনি। এরপর ২০০১ সালের ১১ জানুয়ারি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। ২০০২ সালের ১০ জানুয়ারি তিনি উচ্চ আদালতের বিচারিক জীবন থেকে অবসরে যান।
বিচারপতি গোলাম রাব্বানী আইন, বিচার, সংবিধানের ও মুক্তিযুদ্ধের ওপর বেশ কিছু বই লিখেছেন। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য তৈরি আন্তর্জাতিক অপরাধসমূহ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ এর আইনের বাংলা অনুবাদ ও ব্যাখ্যাসহ একটি সহজপাঠ রচনা করেন তিনি। এ ছাড়া একাত্তরে যুদ্ধাপরাধীদের বিচারবিষয়ক নাগরিক কমিশনের চেয়ারম্যান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।