ধর্ষণে ব্যর্থ হয়ে কিশোরী হত্যা

নারায়ণগঞ্জে স্বামী স্ত্রীর যাবজ্জীবন

নারায়ণগঞ্জের ফতুল্লায় মর্জিনা আক্তার (১৬) নামে এক কিশোরী হত্যা মামলার রায়ে স্বপন গাজী ও তার স্ত্রী আঁখি আক্তার তমাকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৩ মাস করে কারাদ-ের আদেশ দেওয়া হয়েছে। দ-িত আসামিরা পলাতক আছেন।

একই মামলায় আদালত আরেকটি আইনে স্বামী-স্ত্রীকে ৫ বছর করে সশ্রম কারাদ- দিয়েছে। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদ- দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।

স্বপন গাজী (৩৬) ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় পাইলট স্কুলসংলগ্ন রাসেল মিয়ার বাড়িতে স্ত্রী আঁখি আক্তার তমাকে (৩০) নিয়ে ভাড়া থাকতেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৩ সালের ১০ নভেম্বর বাড়িওয়ালা রাসেল ও তার স্ত্রী সাবিনা কান্নাকাটি শুনে ভাড়াটিয়া স্বপন গাজীর কক্ষে যান। সেখানে তাদের কথায় সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাদের কাছ থেকে জানতে পারে ভায়রার মেয়ে পরিচয় দেওয়া মর্জিনা আক্তারকে (১৬) ধর্ষণে ব্যর্থ হয়ে বালিশচাপা দিয়ে হত্যা করেছে স্বপন। এ হত্যায় সহযোগিতা করে তার স্ত্রী আঁখি।