এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি দিল ছাত্রদল

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররাজনীতির অনুমোদন নেই। তা সত্ত্বেও গত সেপ্টেম্বরে ১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক কমিটি ঘোষণা করেছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ। এবার ৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণা করেছে বিরোধী দল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল। সংগঠনটির বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি মো. আবু হোরায়রা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত সোমবার রাতে ৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আংশিক কমিটি ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব অনুমোদন করেছে। যেসব প্রতিষ্ঠানে কমিটি হয়েছে সেগুলো হলো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, উত্তরা বিশ্ববিদ্যালয়, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ

সব কমিটিকেই ১৫ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কাছে জমার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান আবু হোরায়রা।