বড় সমাবেশ করতে সিলেটে বিএনপির বহুমুখী প্রস্তুতি

সরকারবিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে সারা দেশে বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশ করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় আগামী ১৯ নভেম্বর শনিবার সিলেটে অনুষ্ঠিত হবে বিভাগীয় গণসমাবেশ। নগরীর চৌহাট্টায় অবস্থিত সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে হবে এই সমাবেশ। বিশাল আয়তনের এই মাঠে সচরাচর রাজনৈতিক জনসভা হয় না। এর অন্যতম একটি কারণ মাঠ ফাঁকা থাকার ভয়। ইতিপূর্বে দেখা গেছে, কেবল বড় দুই দলের শীর্ষ নেতা (আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া) সিলেট সফরে এলে এই মাঠে জনসভার আয়োজন করা হয়। কিন্তু এবার খালেদা জিয়ার অনুপস্থিতিতেই বিশাল এই মাঠে বড় সমাবেশ করার চ্যালেঞ্জ নিয়েছে বিএনপি।

সেই চ্যালেঞ্জে জয়ী হতে তারা নানা কৌশল ও বহুমুখী প্রস্তুতি গ্রহণ করছে। বিভাগের চার জেলা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ এবং চার জেলার প্রতিটি উপজেলায় দলীয় নেতাকর্মীরা বিভাগীয় গণসমাবেশ সফলে মাঠে নেমেছেন। বিভাগীয় শহর সিলেটে চালানো হচ্ছে ব্যাপক প্রচার। নগরীর জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকাগুলো ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে। অলিগলিতেও শোভা পাচ্ছে সমাবেশের পোস্টার। চলছে মাইকিং ও অনলাইন প্রচারণা। সমাবেশস্থল আলীয়া মাদ্রাসা মাঠ ইতিমধ্যেই তাদের দখলে। মাঠের চারপাশে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বড় বড় ছবি সংবলিত ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে। চলছে সুবিশাল মঞ্চ তৈরির কাজ।

সমাবেশ যাতে সফল না হয় এজন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও পুলিশের পক্ষ থেকে বিচ্ছিন্ন কিছু বাধা আসছে উল্লেখ করে সিলেট বিএনপির একাধিক শীর্ষ নেতা গতকাল মঙ্গলবার দেশ রূপান্তরকে জানান, ‘এখনো বড় ধরনের কোনো বাধার সম্মুখীন হননি। আশা করছেন সিলেটের রাজনৈতিক সহাবস্থানের অতীত ঐতিহ্য বজায় রেখে নির্বিঘে্ন সমাবেশ করতে পারবেন তারা। বাধা ডিঙিয়ে বড় সমাবেশ করার প্রস্তুতি তাদের আছে।’ এক প্রশ্নের জবাবে নেতারা বলেন, ‘তাদের টার্গেট হলো সমাবেশ মাঠ ছাড়িয়ে পুরো সিলেট নগরীতে জনসমাগম ঘটানো। যাতে মনে হয় পুরো সিলেট নগরে সমাবেশ হচ্ছে।’ এজন্য তারা চার লাখ লোক সমাগমের লক্ষ্যে কাজ করছেন।  

বিএনপি সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বিয়ানীবাজারে সমাবেশের পক্ষে বিএনপির প্রচার কাজে ছাত্রলীগ দফায় দফায় বাধা দিয়েছে। এ নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়াও হয়েছে। এর আগে সিলেটের গোলাপগঞ্জ, জকিগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ সদরেও বাধা দানের ঘটনা ঘটেছে।

বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে ও খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত অন্য বিভাগীয় সমাবেশগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিলেটে ভিন্ন কৌশল নিচ্ছে বিএনপি। তারা সমাবেশের আগের দিনের ‘পরিবহন ধর্মঘট’ যাতে না হয় সেজন্য পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে ‘সুসম্পর্ক’ রেখে চলেছেন। পরিবহন সংশ্লিষ্ট বিএনপিপন্থি নেতাদের সক্রিয় করেছেন। বড় ধরনের ‘চাপ’ না এলে সিলেটে পরিবহন ধর্মঘট হবে না বলে আশা করছেন বিএনপি নেতারা। আর পরিবহন ধর্মঘট হলেও এর বিকল্প ব্যবস্থা রাখছেন তারা। বিভাগের জেলা-উপজেলা থেকে আসা নেতাকর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যাতে তারা সমাবেশের আগের দিনই সিলেটে এসে নিরাপদে থাকতে ও খেতে পারেন। এজন্য নগরীর প্রায় সব (অন্তত ২০-২৫টি) কমিউনিটি সেন্টার ১৮ নভেম্বরের জন্য বুকড করেছে বিএনপি। আগের দিন চলে আসা নেতাকর্মীদের রান্না করা খাওয়ার (খিচুড়ি) দেওয়া হবে। পাশাপাশি আগের দিন থেকেই মাঠে অবস্থান নেবেন নেতাকর্মীরা, সারা রাত সেখানেই থাকবেন।             

ফাঁকা নেই কমিউনিটি সেন্টার : বিএনপির সমাবেশের আগের দিন ১৮ নভেম্বর শুক্রবার। যেকোনো শুক্রবারই বিয়েসহ সামাজিক অনুষ্ঠানে ঠাসা থাকে। এজন্য কমিউনিটি সেন্টারগুলো আগাম বুকিং নেন আগ্রহীরা। কিন্তু আগামী শুক্রবার সিলেটে বিপাকে পড়বেন সেখানকার এরকম অনুষ্ঠানের আয়োজকরা। ওই দিনের জন্য ইতিমধ্যে কমিউনিটি সেন্টারগুলো বিএনপি বুকড করে নিয়েছে।

দক্ষিণ সুরমার তায়েফ আহমদ জানান, আগামী শুক্রবার তার গায়েহলুদ। কিন্তু অনুষ্ঠান আয়োজনের জন্য কোনো কমিউনিটি সেন্টার খালি পাচ্ছেন না। মঙ্গলবার ৫-৬টি সেন্টারে খোঁজ নিয়ে কোথায়ও ফাঁকা পাননি।

নগরীর আগ্রা, মালঞ্চ, ময়ূরকুঞ্জ, নুরে আলা, সাজিদ আলী সেন্টারসহ বিভিন্ন কমিউনিটি সেন্টারে খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির পক্ষে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ১৮ নভেম্বরের জন্য সেন্টারগুলো ভাড়া নিয়েছেন। আরিফুল হক চৌধুরী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিলেটের সমাবেশ উপলক্ষে গঠিত আবাসন উপকমিটির প্রধান। এ ব্যাপারে বক্তব্য জানতে মঙ্গলবার সন্ধ্যায় আরিফুল হক চৌধুরীর মোবাইল ফোনে যোগাযোগ করলে তার ব্যক্তিগত সহকারী ফোন রিসিভ করে জানান, ‘মেয়র কিছুটা অসুস্থ বোধ করায় ঘুমিয়ে আছেন।’ তবে বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানিয়েছেন, মেয়র আরিফই কমিউনিটি সেন্টার ভাড়া নিয়ে নেতাকর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করছেন। 

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ দেশ রূপান্তরকে বলেন, ‘কমিউনিটি সেন্টার ভাড়া নেওয়ার খবর আমরাও জানতে পেরেছি। যে কেউ তার প্রয়োজনমতো এগুলো ভাড়া নিতেই পারে। তবে সেন্টার ভাড়া নিয়ে কোনো বেআইনি কাজ করলে সে ব্যাপারে পদক্ষেপ নেবে পুলিশ।’     

সমাবেশ সফলে ৬ কমিটি : সিলেটে বিভাগীয় সমাবেশ সফলে নানা পদক্ষেপ নিচ্ছে বিএনপি। গণসমাবেশ সফলে করা হয়েছে ৬টি কমিটি। দলীয় সূত্র জানায়, সমাবেশ ‘ব্যবস্থাপনা ও শৃঙ্খলা’ কমিটির আহ্বায়কের দায়িত্বে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। ‘আবাসন ব্যবস্থাপনা’ কমিটির আহ্বায়কের দায়িত্বে আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। ‘প্রচার ও মিডিয়া’ কমিটিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, ‘অভ্যর্থনা’ কমিটির দায়িত্বে মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালী পংকী, আপ্যায়ন কমিটির দায়িত্বে মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন এবং দপ্তর কমিটিতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির শাহীন নেতৃত্বে রয়েছেন। সার্বিক তত্ত্বাবধানে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল মঈন খান এবং যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন।

সিলেট বিভাগীয় সমাবেশ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির দেশ রূপান্তরকে বলেন, ‘বিএনপির সমাবেশ এখন আর বিএনপির একার নয়, প্রতিটি সমাবেশই জনতার সমাবেশে রূপ নিচ্ছে। কারণ অবৈধভাবে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই তারা ঘুরে দাঁড়িয়েছে। বিএনপির সমাবেশে যোগ দিয়ে তারা সরকারের বিরুদ্ধে অনাস্থা জানাচ্ছে।’

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘বাধা দিয়ে জনতার জোয়ার কেউ রুখতে পারবে না। বরং কেউ বাধা দিতে এলে সেই জোয়ারে ভেসে যাবে।’ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সমাবেশ সফলে নেতাকর্মীরা স্বেচ্ছায় যার যার সামর্থ্য অনুযায়ী টাকা খরচ করছেন। এখানে চাপ প্রয়োগের কিছু নেই।’