ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার সময় যে ক্ষেপণাস্ত্রটি পোল্যান্ডে আঘাত হেনেছে সেটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছোড়া হয়নি বলে জানিয়েছেন পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা। খবর বিবিসির।
আন্দ্রেজ দুদা বলেছেন, ক্ষেপণাস্ত্রটি পোলান্ডে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছোড়া হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটি সম্ভবত একটি ‘দুর্ভাগ্যজনক ঘটনা’ ছিল।
তিনি আরও জানান, ‘খুব সম্ভবত’ ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনীর ছোড়া। এটি দিয়ে ইউক্রেন রুশ ক্ষেপণাস্ত্র হামলা থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করছিল।
তবে এ বিস্ফোরণের দায় অস্বীকার করেছে ইউক্রেন। তবে যুক্তরাষ্ট্রও পোল্যান্ডের গ্রামে আঘাত করা ক্ষেপণাস্ত্রটি ইউক্রেন থেকে ছোড়া হয়েছে বলে আভাস দিয়েছে। একটি মার্কিন সংবাদমাধ্যম যুক্তরাষ্ট্রের তিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনীয় বাহিনী ছুড়েছে। একটি রুশ ক্ষেপণাস্ত্রকে ঠেকিয়ে দিতে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল।
বুধবার ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের একটি গ্রামে ওই ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হন। হামলার পরপরই ইউক্রেনের পক্ষ থেকে এর জন্য রাশিয়াকে দায়ী করা হয়। আর পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদাও বলেছেন, কে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, সে বিষয়ে কোনো ‘নিখুঁত প্রমাণ’ পাওয়া যায়নি।
মঙ্গলবার বিকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ দিনের হামলাকে প্রায় নয় মাসের রুশ আগ্রাসনের মধ্যে সবচেয়ে মারাত্মক বলে জানিয়েছে কিয়েভ। কিছু ক্ষেপণাস্ত্র পশ্চিমাঞ্চলীয় লিভিভ শহরে আঘাত হেনেছে। শহরটির দূরত্ব পোল্যান্ড সীমান্ত থেকে ৮০ কিলোমিটারেরও কম।
জি-২০ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্টের ভাষণের জবাবে দেশটিজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সম্মেলনে আসা বিশ্বনেতাদের উদ্দেশ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, রাশিয়ার ‘ধ্বংসাত্মক’ যুদ্ধ বন্ধ করার ‘এখনই সময়।’
মঙ্গলবার সম্মেলনে উপস্থিত ছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি সম্মেলন ত্যাগের পরপরই ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সেনারা।
এ হামলার পর জরুরি বৈঠক ডাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ও শিল্পোন্নত গণতান্ত্রিক দেশগুলোর জোট জি-৭। আজ বুধবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নেতাদের একটি জরুরি বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বলেন, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্রটি সম্ভবত রাশিয়া থেকে ছোড়া হয়নি।ে
আরও পড়ুন...
পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেনীয় সেনারা
পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়া থেকে নাও হতে পারে: বাইডেন
জেলেনস্কির ভাষণের জবাবে ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার