মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সন্দেহই সত্যি হল। পোল্যান্ডের সীমান্তবর্তী এলাকায় বুধবার সকালে যে ক্ষেপণাস্ত্রটি পড়েছিল সেটি ইউক্রেনের সেনারা ছুড়েছে। মার্কিন কর্মকর্তাদের প্রাথমিক তদন্তে এমন তথ্য বেরিয়ে এসেছে। খবর মার্কিন বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র আটকাতে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইউক্রেনের সেনারা। সেই ক্ষেপণাস্ত্রই পোল্যান্ডের ভেতর গিয়ে বিস্ফোরিত হয়। এতে অন্তত দুজন নিহত হয়।
পশ্চিমা সামিরক জোট ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ডের ভেতর ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের পর বিষয়টি নিয়ে হৈ চৈ পড়ে যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অন্যান্য বিশ্ব নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। তাছাড়া জি-৭ জোট এবং ন্যাটোও জরুরি বৈঠকে বসার ঘোষণা দেয়। যদিও মার্কিন প্রেসিডেন্ট বাইডেন শুরুতেই জানিয়েছিলেন, তারা প্রাথমিক তদন্তের মাধ্যমে জানতে পেরেছিলেন ক্ষেপণাস্ত্রটি রাশিয়া থেকে ছোড়া হয়নি।
এছাড়া ক্ষেপণাস্ত্র পড়ার পর রাশিয়াও জানিয়েছিল, তারা পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের সঙ্গে জড়িত না। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের প্রতিক্রিয়ায় বলেছিল, ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে কোনো লক্ষ্যের ওপর আঘাত হানেনি রাশিয়া। এছাড়া পোল্যান্ডে ক্ষয়ক্ষতির যে ছবি দেখানো হচ্ছে ‘এর সঙ্গে রাশিয়ার কোনো কিছু করার নেই।’
তবে পোল্যান্ডের ভেতর ক্ষেপণাস্ত্র পড়ার দায় সরাসরি রাশিয়ার ওপর চাপিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে বাইডেন বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো কোনো পদক্ষেপ নেওয়ার আগে সম্পূর্ণ তদন্ত করবে।
রাশিয়াকে দায়ী করে জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেছিলেন, ‘আজ যা ঘটেছে, এ বিষয়ে আমরা আগেই সতর্ক করেছিলাম। আমরা এ নিয়ে বলেছি। সন্ত্রাসবাদ আর শুধুমাত্র ইউক্রেনের সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি ইতোমধ্যে মলদোভায় ছড়িয়েছে। আর আজ রাশিয়ার ক্ষেপণাস্ত্র পোল্যান্ডে আঘাত হেনেছে, আমাদের বন্ধু রাষ্ট্রের মানুষ নিহত হয়েছে। ইউক্রেনের মানুষের সমবেদনা নেবেন আপনারা।’
মঙ্গলবার থেকে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। সেখানে থাকা বিশ্ব নেতারা জরুরি গোলটেবিল বৈঠকে বসেছে।
মঙ্গলবার দিনভর ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ দিনের হামলাকে প্রায় নয় মাসের রুশ আগ্রাসনের মধ্যে সবচেয়ে মারাত্মক বলে জানিয়েছে কিয়েভ। কিছু ক্ষেপণাস্ত্র পশ্চিমাঞ্চলীয় লিভিভ শহরে আঘাত হেনেছে। শহরটির দূরত্ব পোল্যান্ড সীমান্ত থেকে ৮০ কিলোমিটারেরও কম।
জি-২০ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্টের ভাষণের জবাবে দেশটিজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সম্মেলনে আসা বিশ্বনেতাদের উদ্দেশ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, রাশিয়ার ‘ধ্বংসাত্মক’ যুদ্ধ বন্ধ করার ‘এখনই সময়।’
মঙ্গলবার সম্মেলনে উপস্থিত ছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি সম্মেলন ত্যাগের পরপরই ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সেনারা।
আরও পড়ুন...
পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়া থেকে নাও হতে পারে: বাইডেন
জেলেনস্কির ভাষণের জবাবে ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার
