ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ড সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে দুইজন নিহত হয়েছে। এই ক্ষেপণাস্ত্রটি রাশিয়া থেকে নাও ছোড়া হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনি বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে আমি বলতে চাই যে না রাশিয়া থেকে হামলা চালানো হয়েছে; যতক্ষণ না আমরা এটি সম্পূর্ণরূপে তদন্ত করি।
বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো কোনো পদক্ষেপ নেওয়ার আগে সম্পূর্ণ তদন্ত করবে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীও ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন।
পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেছেন যে, কে এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তার চূড়ান্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এদিকে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনে জরুরি গোলটেবিল বৈঠকে বসেছে বিশ্ব নেতারা।
মঙ্গলবার দিনভর ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ দিনের হামলাকে প্রায় নয় মাসের রুশ আগ্রাসনের মধ্যে সবচেয়ে মারাত্মক বলে জানিয়েছে কিয়েভ। কিছু ক্ষেপণাস্ত্র পশ্চিমাঞ্চলীয় লিভিভ শহরে আঘাত হেনেছে। শহরটির দূরত্ব পোল্যান্ড সীমান্ত থেকে ৮০ কিলোমিটারেরও কম।
