আওয়ামী লীগ সরকারের উন্নয়নের পক্ষে গণমাধ্যমে প্রাপ্য কাভারেজ প্রত্যাশা করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমি আজ দেখতে পাচ্ছি বাংলাদেশের মিডিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সবাই এসেছেন। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের কাছে প্রাপ্য কাভারেজ চাই, এর বেশি কিছু চাই না; যা আছে আমাদের সেটুকুই দিন।’ তিনি আরও বলেন, ‘আমরা এটাও বলি না যে বিএনপিকে কাভারেজ দিয়েন না। তাদেরও দেন।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের ভুল আছে সেটা স্বীকার করি। কিন্তু আমরাই একমাত্র দল, যারা গণতন্ত্রের চর্চা করি। ভুলত্রুটির পরও আমরা মূলধারার সঙ্গে আছি।
বিএনপির ঘরের মধ্যে গণতন্ত্র নেই উল্লেখ করে কাদের বলেন, ‘ফখরুল সাহেবের কি মনে আছে? কবে তাদের দলের কাউন্সিল হয়েছে? এর মাঝে আমাদের দুটো হয়ে গেছে। আরেকটা চলে এসেছে। আওয়ামী লীগ বিএনপির কোনো অনুষ্ঠানের কাউন্টার অনুষ্ঠান করে না। কেন্দ্রীয় সম্মেলনকে সামনে রেখে নিজেদের জেলা সম্মেলন চলছে। অনেক ক্ষেত্রে একই জেলায় আওয়ামী লীগ-বিএনপির অনুষ্ঠান হচ্ছে। আওয়ামী লীগ বিএনপিকে টার্গেট’ করে কিছু করছে না।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান ও বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা উপস্থিত ছিলেন।
বিএনপির ফাঁকা বুলিতে আ.লীগ ভয় পায় না : আগুন নিয়ে খেলতে দেওয়া হবে না, এমন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ স¤পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে, হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে, খেলা হবে ভোট চোরের বিরুদ্ধে। আজিজ মার্কা কমিশনের বিরুদ্ধে খেলা হবে।’
গতকাল বুধবার বরগুনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বরগুনার সার্কিট হাউজ ময়দানে দুপুর আড়াইটায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
এর আগে বেলা সোয়া ১১টায় বরগুনা জেলা আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য চট্টগ্রামবিষয়ক নিরীক্ষণ কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ। বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সভাপতিত্ব করেন বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।