সংযুক্ত আরব আমিরাতকে গোল বন্যায় ভাসিয়ে অবশেষে কাতারে পা রাখলেন লিওনেল মেসিরা। বুধবার ৫-০ গোলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ জিতে বিশ্বকাপে অংশ নিতে কাতারে গেলো আর্জেন্টিনা দল।
আগামী রবিবার থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনার এবারের গ্রুপ প্রতিপক্ষ মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব। গ্রুপ পর্বের বাধা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সহজেই পেরিয়ে যাবে, এমনটা মনে করছেন অনেকে। কিন্তু মেসি সতর্ক।
আর্জেন্টিনার সুযোগ নিয়ে জানতে চাইলে ইউনিভার্সো ভালদানো শো-য়ে মেসি বললেন, ‘আজকাল সব জাতীয় দলের বিপক্ষে খেলা কঠিন। প্রত্যেক দল বিশ্বকাপে কঠিন প্রতিপক্ষ, তাদের সহজে হারানো যাবে না। ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে আমাদের অনেক বেশি ম্যাচ খেলা হয়নি। যদিও তারা আমাদের বিপক্ষে খেলতে পছন্দ করে না, দক্ষিণ আমেরিকান দলগুলোর বিপক্ষেও খেলা কঠিন।’
বিশ্বকাপে আত্মবিশ্বাস নিয়ে অংশ নেবে আর্জেন্টিনা, কিন্তু ধাপে ধাপে এগোতে হবে বললেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী, ‘আমরা ভালো ফর্মে থেকে ফাইনালসে যাচ্ছি। কিন্তু আমরা ফেভারিট এবং এটা জিতবো, এই হাইপে বিশ্বাস করার ফাঁদে আমাদের পা দিলে চলবে না। আমাদের বাস্তববাদী হতে হবে এবং ধাপে ধাপে এগোতে হবে।’