‘জয়ল্যান্ড’ পাকিস্তানের প্রথম সিনেমা হিসেবে চলতি বছর ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে আঁ সার্তে রিগা বিভাগে মনোনয়ন পেয়েছিল। শুধু তাই নয়, একই সঙ্গে কুইয়ার পাম ও আঁ সার্তে রিগা বিভাগ থেকে জুরি পুরস্কারও জিতেছিল। এমনকি পাকিস্তান থেকে অস্কারের জন্য মনোনীত হয়েছিল ‘জয়ল্যান্ড’। গত ১৭ আগস্ট সেন্সর ছাড়পত্র পেলেও ছবিটি ‘সামাজিক ও নৈতিক নিয়মের পরিপন্থী’ এই অভিযোগের ভিত্তিতে ছবিটি পর্যালোচনা করার জন্য প্রধানমন্ত্রী আট সদস্যের একটি কমিটি গঠন করেন। ছবিটি দেখে এই কমিটি জানায়, ছবিটির কিছু দৃশ্য সম্পাদনা প্রয়োজন। এর ভিত্তিতে ১৮ নভেম্বর ছবিটি পাকিস্তানে মুক্তিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কিন্তু দুদিন পরই নিষেধাজ্ঞা তুলে মুক্তির অনুমতি দেওয়া হয়েছে। গত বুধবার রাতে দেশটির প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিনিধি প্রধান সালমান সুফি টুইটারে লেখেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশে গঠিত সেন্সর বোর্ড পর্যালোচনা কমিটি ছবিটি পুনরায় পর্যালোচনা করে মুক্তির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাকস্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকার এবং আইনের অধীনে বাকস্বাধীনতার চর্চা হওয়া দরকার।’ ‘জয়ল্যান্ড’ ছবিটি পরিচালনা করেছেন সায়িম সাদিক। এটি পরিচালকের প্রথম ছবি। ছবির গল্প পুরুষতান্ত্রিক এক পরিবারের ছোট ছেলে হায়দারকে নিয়ে। একজনের বদলি হিসেবে সে ইরোটিক এক নাচের দলে যোগ দেয়। তারপরই শুরু হয় ঝামেলা। কারণ, এরপর এক হিজড়া নারীর প্রতি ভালোবাসা জন্মায় তার। বিষয়টা পাকিস্তানে ভীষণ সংবেদনশীল। এটি নিয়ে সে দেশের একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরেই সমালোচনা করে আসছিল। এতে অভিনয় করেছেন রাস্তি ফারুক, আলিনা খান, সরওয়াত গিলানি, সানিয়া সাঈদ প্রমুখ।