মৌলভীবাজারের জুড়ীতে একটি স্টেশনারি দোকান থেকে বিরল প্রজাতির একটি লাল গিরগিটি উদ্ধার হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে বন বিভাগের লোকজন সেটি উদ্ধার করে স্থানীয় জঙ্গলে অবমুক্ত করে।
উপজেলার কামিনীগঞ্জ বাজার বড় মসজিদ সড়কস্থ এমদাদুর রহমান মার্কেটের ব্যবসাপ্রতিষ্ঠান ওয়াদিয়াল ভেরাইটিজ স্টোরের মালিক নিজুল আহমদ জানান, 'দুপুর ১২টায় দোকানের ভেতরে তক্ষক জাতীয় একটি প্রাণী দেখতে পাই। কিছুক্ষণ পরে দোকানে আসা কয়েকজন সাংবাদিককে বিষয়টি বললে তারা স্থানীয় বন বিভাগে খবর দেন। পরে বন বিভাগের লোক এসে সেটা ধরে নিয়ে যায়।'
প্রাণীটি উদ্ধার করতে আসা সিলেট বন বিভাগের জুড়ী রেঞ্জ অফিসের ফরেস্ট গার্ড মো. জয়নাল জানান, 'প্রাণীটি তক্ষক নয়। এটি বিরল প্রজাতির লাল গিরগিটি। এ প্রাণী জঙ্গলে থাকে, পোকা মাকড় খায়। খাবারের সন্ধানে এটিসহ বহু বন্য প্রাণী লোকালয়ে দিকে ছড়িয়ে পড়ছে।'
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, এটি গার্ডেন লিজার্ড বা বাগান গিরগিটি। নিরীহ সরীসৃপ বন্যপ্রাণী। অনেকে এটিকে 'রক্তচোষা' নামেও ডাকেন।