গাজীপুরের কালিয়াকৈরে ‘শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি ও অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে তিন দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।
জীবনে আলো ছড়াতে হলে বই পড়তে ও আলোকিত মানুষ হতে হলে বইয়ের কাছে যেতে হবে এমন উদ্দেশ্যে এ বই মেলার আয়োজন করেছে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
গত বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের মিলনায়তনে আয়োজিত ‘আইডিয়াল বইমেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আবদুল ওহাব মিয়া। এ মেলা চলবে আজ শনিবার পর্যন্ত।
আয়োজক কমিটি জানায়, উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিবছরের ন্যায় এবারও তিন দিনব্যাপী ‘আইডিয়াল বইমেলা’ আয়োজন করা হয়েছে। বইমেলা তিন দিনই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
এবার বইমেলায় থাকছে শিশু কানুন থেকে শুরু করে উপন্যাস, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আত্মজীবনী, কবিতা, ধর্মীয়, ভ্রমণ ও বিভিন্ন গল্পসহ দেশি-বিদেশি প্রায় ত্রিশ হাজার বই। বইয়ের ছয়টি স্টল রয়েছে। স্টলগুলোর নামকরণ করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর বই ঘর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বইঘর, পল্লীকবি জসীমউদ্দীন বইঘর, শুকান্ত ভট্টাচার্য বইঘর, কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ বইঘর ও কবি জীবনানন্দ দাশ বইঘর। তিন দিনব্যাপী এই বইমেলা সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে কবি ও কথা সাহিত্যিক অমূল্য সরকার বলেন, ‘জীবনে আলো ছড়াতে হলে বই পড়তে হবে।
আলোকিত মানুষ হতে হলে বইয়ের কাছে যেতে হবে। আলোকিত মানুষেরাই শুধু পারে একটি বড় দেশ, বড় জাতি ও আলোকিত সমাজ গড়ে তুলতে। তাই বড় দেশ আর বড় জাতি গড়ার কথা ভাবলে আগে নিজের গুণগত সমৃদ্ধি প্রয়োজন। আর নিজের গুণগত সমৃদ্ধির জন্য বই পড়ার কোনো বিকল্প নেই।’
লেখক ও সাংবাদিক ফারদিন ফেরদৌস বলেন, ‘আমাদের বই পড়ার বড় একটি সুযোগ সৃষ্টি করে দেয় বইমেলা। কারণ পছন্দের বাইটি বইমেলা থেকে সহজেই আমরা সংগ্রহ করতে পারি। স্টল ঘুরে, দেখে এবং খুঁজে ভালো বই কেনার সুবর্ণ সুযোগ এটি।’
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি ও অভ্যাস গড়ে তোলার জন্যই এই বই মেলার আয়োজন করা। বই মেলার কারণে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ছে।’