নীলফামারীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল শুক্রবার জেলা শহরের বিভিন্ন কেন্দ্রে ওই নিয়োগ পরীক্ষা হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে নীলফামারী সরকারি কলেজ কেন্দ্রে তিনজন এবং রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন কেন্দ্রে দুজনকে সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন আফিকা আফরোজ (২৬), রনজিনা আকতার (২৭), আদুরী খানম (২২), রাশেদা বেগম (৩০) ও সিমলা আকতার (১৭)।
ওই পাঁচজনের মধ্যে আফিকা আফরোজকে দুই দিনের এবং অপর চারজনকে তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযুক্তদের মধ্যে সিমলা আকতার তার মায়ের হয়ে পরীক্ষায় অংশ নেওয়ার অপরাধে নীলফামারী রাবেয়া বালিকা বিদ্যানিকেতন কেন্দ্রে আটক হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন মা ও মেয়েকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত অপর তিনজন নীলফামারী সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষার কেন্দ্রের সঙ্গে মুঠোফোন রাখার অপরাধে তাদের তিনজনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার। তিনি জানান, সরকারি কলেজ কেন্দ্রে জলঢাকার তিন পরীক্ষার্থী মুঠোফোনে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠায়।