প্রতিনিধি পরিষদ ছাড়লেন পেলোসি ঝুঁকিতে বাইডেন

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে রিপাবলিকান পার্টি। গত ৮ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে নিম্নকক্ষে এখন রিপাবলিকানদের আসন ২১৮। গত বৃহস্পতিবার এ ফলাফল পাওয়ার পর প্রতিনিধি পরিষদের স্পিকারের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ন্যানসি পেলোসি। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে যাওয়ায় দেশটির কংগ্রেস কার্যত বিভক্ত হয়ে পড়ল। কারণ, শঙ্কা কাটিয়ে উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ রয়ে গেছে ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের হাতেই। তবে বিভক্ত কংগ্রেসে নতুন অনেক কিছু পাস করাতে চাপ সামলাতে হবে বাইডেনকে।

প্রতিনিধি পরিষদে মোট আসন ৪৩৫টি। গতকাল পর্যন্ত ৪২৯টি আসনের ফল পাওয়া গেছে। এর মধ্যে ২১৮টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে রিপাবলিকান পার্টি। আর ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ২১১টি আসন। অবশ্য রিপাবলিকানদের আশা ছিল, এ নির্বাচনে লাল ঢেউ হবে। কংগ্রেসের দুই কক্ষেই তারা ভালো ব্যবধানে জয়ী হবে। কিন্তু তাদের প্রত্যাশামতো সেই ঢেউ আসেনি। সিনেটের নিয়ন্ত্রণ তো পেলই না, উল্টো প্রতিনিধি পরিষদে তারা জয়ী হলেও ডেমোক্র্যাটদের সঙ্গে তাদের আসন ব্যবধান খুব বেশি নয়। ব্যবধান অল্প হলেও প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের বিভিন্ন বিল আটকে দেওয়ার সুযোগ পাবে রিপাবলিকান পার্টি। এ ছাড়া ডেমোক্রেটিক পার্টি ও বাইডেনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে তার প্রশাসন ও পরিবারের বিভিন্ন ইস্যু নিয়ে তদন্তের সুযোগ পাবে বিরোধী শিবির।

এর আগে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ছিল ডেমোক্র্যাটদের হাতে। সেই সময় প্রতিনিধি পরিষদে রিপাবলিকান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুবার অভিশংসনের প্রস্তাব এনেছিলেন ডেমোক্র্যাটরা। ধারণা করা হচ্ছে, বাইডেনের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিতে তদন্ত শুরু করবে রিপাবলিকান পার্টি। বাইডেন প্রশাসন, তার ছেলে হান্টার বাইডেনের চীন ও অন্যান্য দেশের সঙ্গে ব্যবসার বিষয়ে তদন্ত হতে পারে পরিষদে। এ ছাড়া কেন্দ্রীয় সরকার ও সামরিক বাহিনীর তহবিলসহ প্রতিনিধি পরিষদে বাইডেনের যেকোনো এজেন্ডাও আটকে দেওয়ার সুযোগ পাবে রিপাবলিকান পার্টি। আবার আন্তর্জাতিক ইস্যু যেমন ইউক্রেনে সহায়তা কমানোর মতো পদক্ষেপও নিতে পারবে দলটি। তবে এমন পদক্ষেপ নিতে হলে প্রতিনিধি পরিষদের সব রিপাবলিকান নেতাকে ঐক্যবদ্ধ হতে হবে।

প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর এই কক্ষের রিপাবলিকান পার্টির নেতা ও ভবিষ্যৎ স্পিকার কেভিন ম্যাককার্থি এক টুইট বার্তায় লিখেছেন, যুক্তরাষ্ট্র নতুন পথে হাঁটতে প্রস্তুত। এ কাজটি করার জন্য প্রস্তুত প্রতিনিধি পরিষদের রিপাবলিকান পার্টির নেতারা।

এদিকে যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যানসি পেলোসি ডেমোক্রেট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, বাইডেনের যেকোনো এজেন্ডা পাস করতে পরিষদের ডেমোক্র্যাটরা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন। কংগ্রেসে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের হয়ে তার প্রতিনিধিত্বও অব্যাহত থাকবে।

৮২ বছর বয়সী পেলোসি প্রায় দুই দশক ধরে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নেতৃত্ব দিচ্ছেন। তিনি প্রতিনিধি পরিষদের প্রথম নারী স্পিকারও। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘কখনো ভাবিনি একজন সাধারণ গৃহিণী থেকে প্রতিনিধি পরিষদের স্পিকার হয়ে উঠব। পরবর্তী কংগ্রেসে আমি ডেমোক্রেটিক দলের নেতা হিসেবে পুনর্নির্বাচিত হতে চাই না। এখন ডেমোক্রেটিক দলের নতুন প্রজন্মের নেতৃত্বে চলার সময় এসেছে।’

নিউইয়র্কের কংগ্রেস সদস্য হাকিম জেফরিস প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের শীর্ষ নেতা হবেন বলে ধারণা করা হচ্ছে। তাহলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে কোনো দলকে নেতৃত্বদানকারী প্রথম কৃষ্ণাঙ্গ।

নতুন কংগ্রেস শুরু না হওয়া পর্যন্ত অর্থাৎ আগামী জানুয়ারি পর্যন্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন পেলোসি। নতুন কংগ্রেসের স্পিকার হিসেবে রিপাবলিকান নেতা কেভিন ম্যাককার্থি তার স্থলাভিষিক্ত হতে পারেন।