জয়পুরহাটে গুলিবিদ্ধ বিজিবি সদস্যের মৃত্যু

জয়পুরহাটে গুলিবিদ্ধ হয়ে নেপাল চন্দ্র দাস নামে এক বিজিবি সদস্য মারা গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় আহত অবস্থায় তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন এ নিয়ে রাতে হাসপাতালে কথা বলতে রাজি হয়নি বিজিবি।

নিহত বিজিবি সদস্য নেপাল চন্দ্র দাস ফরিদপুরের মধুখালী উপজেলার মেঘচামী গ্রামের নারায়ণ দাসের ছেলে। তিনি জয়পুরহাটের পাঁচবিবি বিজিবির বিশেষ ক্যাম্পে সিপাহি পদে কর্মরত ছিলেন। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক জুয়েল জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বিজিবি-২০ জয়পুরহাট ব্যাটালিয়নের নেপাল চন্দ্র দাস নামে এক সদস্যকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। তার শরীরে দুটি গুলি ও জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর শুক্রবার সকালে লাশ নিয়ে গেছে বিজিবি।

জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, বিজিবির পোশাক পরা অবস্থায় এক ব্যক্তির লাশ হাসপাতালে আনা হয়েছে বলে খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। লাশের বুকে গুলির চিহ্ন রয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে।

   এদিকে এ বিষয়ে জানতে একাধিকবার জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলামকে ফোন করলেও তাকে ফোনে পাওয়া যায়নি।