১০ ডিসেম্বর নিয়ে এখন ডিফেনসিভ মুড কেন : কাদের

১০ ডিসেম্বর নিয়ে বিএনপির সুর পাল্টে গেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আপনারা এখন ডিফেনসিভ (রক্ষণাত্মক মেজাজ) মুডে কেন? মনে হয় এই তো হাওয়া ভবন এসে গেল। এই তো ময়ূর সিংহাসন, এরকম একটা ভাব ছিল না? সেটা গেল কোথায়?’

গতকাল শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু সৈনিক লীগের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘১০ তারিখ নিয়ে বিএনপির এখন ভিন্ন সুর। মুখে রক্ষণাত্মক আর অন্তরে আক্রমণাত্মক মনোভাব তাদের।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশ কখনো অনিশ্চয়তার দিকে যাবে না। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে তাদের অন্তর্জ্বালা বাড়ছে। বিএনপির প্রধান শত্রু প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে বিএনপি।’

বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা প্রস্তুত আছি, খেলা হবে। শেখ হাসিনা কত জনপ্রিয় নির্বাচন হলে আবারও বিএনপি টের পাবে।’

বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শিরিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক তালুকদার সারোয়ার হোসেন। সম্মেলন পরিচালনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. হারুন উর রশিদ।  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্মেলন শেষে বঙ্গবন্ধু সৈনিক লীগের নতুন কমিটি ঘোষণা করেন।