রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

ভারত জোড়ো আন্দোলন মধ্যপ্রদেশে ঢুকলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিজেপিশাসিত মধ্যপ্রদেশের ইন্দোরের জুনি থানার অন্তর্গত এক মিষ্টির দোকানের সামনে কে বা কারা এমন হুমকি দেওয়া একটি চিঠি ফেলে যায়। হিন্দুত্ববাদী নেতা বিনায়ক দামোদর সাভারকর সম্পর্কে রাহুলের মন্তব্যের পরদিন চিঠিটি পাওয়া গেল।

ভারতের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিটি উদ্ধারের পর ওই অঞ্চলের সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনার অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। কেউ ধরা পড়লে জাতীয় নিরাপত্তা আইনের আওতায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ভারতের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত জোড়ো যাত্রা ২০ নভেম্বর মধ্যপ্রদেশে প্রবেশ করবে। ২১ ও ২২ নভেম্বর এ যাত্রার বিরতি। ওই সময়ে নির্বাচনী প্রচারে অংশ নিতে গুজরাটে যাবেন রাহুল। ২৪ নভেম্বর তিনিসহ সব যাত্রীর ইন্দোরের খালসা স্টেডিয়ামে রাতে থাকার কথা। তার আগে এ হুমকি দেওয়া চিঠি পাওয়া গেল। অবশ্য চিঠির পূর্ণ বয়ান জানা যায়নি।

মহারাষ্ট্রে যাত্রা চলাকালে গত বৃহস্পতিবার রাহুল বলেন, সাভারকর ব্রিটিশদের কাছে ক্ষমা প্রার্থনা করে মুচলেকা দিয়ে চিঠি লিখে বলেছিলেন, তিনি ইংরেজদের পরম অনুগত থাকবেন। রাহুলের দাবি, সাভারকর শুধু ব্রিটিশদের অনুকম্পাই চাননি, অগণিত স্বাধীনতাসংগ্রামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। রাহুল তার ওই মন্তব্যের সমর্থনে সংবাদ সম্মেলনে সাভারকরের লেখা এক চিঠির প্রতিলিপিও দেখান। তার এ মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়। মহারাষ্ট্রে কংগ্রেস-শিবসেনা-এনসিপি জোট রয়েছে। শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে জানান, রাহুলের সঙ্গে তারা একমত নন। সাভারকরের মতো মানুষকে নিয়ে বিতর্কে না জড়ানোই শ্রেয়। মহারাষ্ট্রের জনগণ তা গ্রহণ করবে না।