ঢাকার সাভারে একটি আবাসন প্রকল্প এলাকা থেকে জামায়াত-শিবিরের ৬৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ নভেম্বর) দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ বলে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা।
এর আগে, শুক্রবার সন্ধ্যায় সাভারের ভাকুর্তা ইউনিয়নের চাপড়া এলাকার ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা রাজধানীর মোহাম্মদপুর পশ্চিম থানা থেকে এসেছিলেন এবং সেখানে গোপনে রুকন সম্মেলন করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ঢাকা গার্ডেন সিটির ইকরা হাউজিং লিমিটেডের ভেতর থেকে তাদের আটক করা হয়। তারা সেখানে গোপনে জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনের আয়োজন করেছিলেন। এসময় তাদের কাছ থেকে ৭টি ককটেল, জিহাদি বই, ব্যানার, লিফলেট, হ্যান্ড মাইক ও চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, গ্রেপ্তারকৃত জামায়াত-শিবিরের নেতাকর্মীরা রাজধানী ও দেশের বিভিন্ন এলাকা থেকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করার উদ্দেশ্যে গোপনে মিলিত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। এসময় তাদের কাছ থেকে ককটেলসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
এঘটনায় শুক্রবার রাতেই তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন এবং পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছে। শনিবার দুপুরে সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে গ্রেপ্তারকৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে।