নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ অধ্যাপক জিন তিরোল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের দৃঢ়প্রতিজ্ঞ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, স্নাতকরা, আপনাদের কঠোর পরিশ্রমী হতে হবে। প্রতিটি ক্ষেত্র থেকে আপনাদের শিখতে হবে, সঠিক সময়ে সঠিক জায়গায় যাওয়ার স্পৃহা থাকতে হবে। সর্বোপরি দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে আপনাদের। গতকাল শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক জিন তিরোল বলেন, নিজেদের মেধার ওপর বিশ্বাস থাকতে হবে। থেমে যাবেন না, এগিয়ে চলুন। আমার পরামর্শ থাকবে, স্নাতক হওয়ার এই যাত্রায় যারা আপনাদের সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। নতুন ডিগ্রি আপনাদের সামনে অনেক সুযোগের পাশাপাশি অনেক দায়িত্বও হাজির করবে।
নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, ডিজিটাল বিপ্লবের মাধ্যমে কীভাবে সমাজকে উপকৃত করা যায়, পৃথিবী ও এর মানুষকে রক্ষায় কীভাবে আমরা জলবায়ু পরিবর্তনকে মোকাবিলা করতে পারি, জনতোষণবাদ ও জাতীয়তাবাদের বিপরীতে কীভাবে আমরা যুক্তিকে দাঁড় করাব ইত্যাদি আপনাদের ভাবতে হবে। বাংলাদেশের গত ৫০ বছরের উল্লেখযোগ্য উন্নয়ন নিয়ে আপনাদের গর্বিত হওয়া উচিত। এর সঙ্গে শিক্ষা ও সামাজিক নিরাপত্তা সম্প্রসারণে আরও কাজ করতে হবে।
মহামারীর কারণে প্রায় তিন বছর পরের সমাবর্তনে অধিভুক্ত সরকারি সাত কলেজের গ্র্যাজুয়েটসহ মোট ৩০ হাজারের বেশি গ্র্যাজুয়েট ও গবেষক অংশ নেন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার উপাদানকল্প কলেজ-ইনস্টিটিউটের গ্র্যাজুয়েট ২২ হাজার ২৮৭ জন এবং সরকারি সাত কলেজের গ্র্যাজুয়েট ৭ হাজার ৭৯৬ জন। সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ও উপাদানকল্প কলেজ-ইনস্টিটিউটের গ্র্যাজুয়েটরা সমাবর্তনের মূল ভেন্যু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে সরাসরি এবং অধিভুক্ত সরকারি সাত কলেজের গ্র্যাজুয়েটরা ঢাকা কলেজ ও ইডেন কলেজ ভেন্যু থেকে ভার্চুয়ালি সমাবর্তনে অংশগ্রহণ করেন। সমাবর্তন অনুষ্ঠানে ১৩১জন কৃতী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ১৫৩টি স্বর্ণপদক, ৯৭ জনকে পিএইচডি, দুজনকে ডিবিএ এবং ৩৫ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হয়। সমাবর্তনে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ। সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফরাসি অর্থনীতিবিদ অধ্যাপক ড. জঁ তিরোল। অনুষ্ঠানে তাকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি প্রদান করা হয়।