আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছেন প্লাটফর্মটির নতুন মালিক ইলন মাস্ক। সহিংসতাকে উসকে দেওয়ার অভিযোগে প্রায় দুই বছর এই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ ছিলেন ট্রাম্প। শনিবার তিনি তার অ্যাকাউন্ট ফিরে পান।
ট্রাম্পকে টুইটারে ফেরানো উচিত কিনা, তা নিয়ে ভোটাভুটির আয়োজন করেছিলেন মাস্ক। তার ফলাফল অনুযায়ী এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন বলে জানিয়েছেন।
একটি টুইট করে মাস্ক লিখেছেন, ‘মানুষ তাদের মতামত জানিয়েছেন। ট্রাম্প আবার টুইটারে ফিরবেন।’
‘ট্রাম্পকে কি টুইটারে ফিরিয়ে আনা উচিত?’ প্রশ্ন তুলে টুইটারে শনিবার ভোটাভুটি চালু করেছিলেন মাস্ক। অংশগ্রহণকারীরা তাতে ‘হ্যাঁ’ অথবা ‘না’ উত্তর দিতে পারতেন। ১ কোটি ৫০ লাখ ভোট পড়েছে। ফলাফলে দেখা যায়, অল্পের জন্য পার পেয়ে গেছেন ট্রাম্প। তার পক্ষে ভোট দিয়েছেন ৫১.৮ শতাংশ মানুষ।
গত বছর আমেরিকার ক্যাপিটলে হামলার সঙ্গে যুক্ত থাকা এবং সহিংসায় ইন্ধন দেওয়ার অভিযোগে ট্রাম্পকে টুইটার থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছিল।