ঢাকাই তারকাদের ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ

সারা দুনিয়া এখন বিশ্বকাপ ফুটবল জ্বরে ভুগছে। দেশজুড়ে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনাই বেশি। বাদ যায়নি দেশের বিনোদন অঙ্গনও। এরই মধ্যে বিশ্বকাপ ফুটবল নিয়ে একাধিক নাটকও তৈরি হয়েছে। এবার ছোট পর্দার প্রযোজক, পরিচালক ও অভিনয়শিল্পীদের নিয়ে হবে ফুটবল ম্যাচ। ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা অংশ নেবেন দুই দলে। আজ রাত ৯টায় রাজধানীর শেফ টেবিল কোর্ট সাইড মাঠে অনুষ্ঠিত হবে প্রীতি ফুটবল ম্যাচ। আয়োজনের অন্যতম উদ্যোক্তা প্রযোজক হারিছ মোহাম্মদ জানান, নিজেদের মধ্যে ফুটবল বিশ্বকাপের আনন্দ ভাগাভাগি করতেই এই ম্যাচ। তিনি বলেন, শুধু খেলা নয়, এই খেলাকে কেন্দ্র করে ডিজে থাকবে, খাওয়াদাওয়ার ব্যবস্থা থাকবে। দুই দলের খেলোয়াড়দের উপহার দেওয়ার জন্য ক্রেস্টও বানানো হয়েছে। তা ছাড়া খেলাটি পরিচালনার জন্য বাফুফে থেকেই রেফারি আনা হচ্ছে। আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নেমে দলকে নেতৃত্ব দেবেন নাট্যপরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বলেন, ‘সারা দেশ এখন ফুটবল বিশ্বকাপের জোয়ারে ভাসছে। ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থনে দেশ মূলত দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। নিজ নিজ দলের সমর্থনে শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা। বিশ্বকাপের আনন্দকে আরও বাড়িয়ে দিতে আমরা দুই দলের সমর্থকরা মিলে এই আয়োজন হাতে নিয়েছি। বেশ কিছুদিন ধরেই এ বিষয়ে কাজ করছি আমরা।’ এই নির্মাতার কথা, ‘বলতে পারেন, এই খেলাকে কেন্দ্র করে ছোট পর্দার মানুষের একটা মিলনমেলাও হয়ে যাবে।’ কোনো সংগঠনের পক্ষ থেকে নয়, বরং নিজেদের সম্প্রীতির জায়গা থেকে এই প্রীতি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পরিচালক ও প্রযোজক শাহীন কবির। তিনি ব্রাজিলের জার্সি গায়ে দলকে নেতৃত্ব দেবেন।

তিনি বলেন, ‘বিশ্বকাপ ফুটবল খেলা ঘিরে আমাদের এখানে এই দুই দলের সমর্থকদের উন্মাদনা বেশি। আমরা যারা দুই দলের সাপোর্টার, তারা বিভক্ত হয়ে খেলব। মাঠের পুরো আয়োজনে প্রযোজক, পরিচালক ও অভিনেতাদের মধ্যে পুনর্মিলনীর আবহ থাকবে।’ জানা গেছে, অভিনেতাদের মধ্যে এই খেলায় অংশ নেবেন মিশু সাব্বির, নিলয় আলমগীর, তৌসিফ মাহবুব, জোভান, আরশ, যাহের আলভী প্রমুখ। পরিচালকদের মধ্যে আছেন রাজ ও টুটুল ছাড়াও নঈম ইমতিয়াজ, শহীদ উন নবী, মাইদুল রাকিব, মোহন আহমেদ, তপু খান, মেহেদী হাসান, সৌমিক, জ্যাকি, সিয়াম নাসির, সাইফ চন্দন, প্রবীর রয় চৌধুরী, শেহজাদ ওমর, তামিম মৃধা, পিকলু চৌধুরী, জীবন আহমেদ প্রমুখ। খেলা দেখতে মাঠে থাকবেন অপূর্ব, মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিন, নির্মাতা কাজল আরেফিন, মিজানুর আরিয়ান, মাবরুর রশিদ, সঞ্জয় সমদ্দারসহ অনেকে।