১২ প্রতিষ্ঠানের সঙ্গে পিকেএসএফের চুক্তি

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ এএম

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) বাস্তবায়নাধীন ‘ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম’-এর আওতায় ১১টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে পৃথক ক্রেডিট গ্যারান্টি চুক্তি করেছে। চুক্তির আওতায় চলতি ২০২৬-২৭ অর্থবছরে ব্যাংক ও আর্থিক কোম্পানিগুলো পিকেএসএফের বিভিন্ন সহযোগী সংস্থার ক্ষুদ্র উদ্যোগ অর্থায়ন কার্যক্রমে মোট ২ হাজার ৮০০ কোটি টাকা গ্যারান্টিযুক্ত ঋণ প্রদান করতে পারবে। গতকাল বুধবার সংস্থাটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২০ জুলাই রাজধানীর আগারগাঁওস্থ পিকেএসএফ ভবনে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে সংস্থার উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ হাসান খালেদ এবং ব্যাংকগুলোর পক্ষে স্ব স্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালকরা চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তিকারী প্রতিষ্ঠানগুলোÑ হলো ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, এনসিসি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, ঢাকা ব্যাংক, মধুমতি ব্যাংক, সীমান্ত ব্যাংক এবং দ্য ইউএই-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড (ইউবিকো)।

অনুষ্ঠানে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের বলেন, ‘দেশের স্বল্প আয়ের মানুষের উদ্যোক্তায় রূপান্তরের যে উদ্যোগ পিকেএসএফ গ্রহণ করেছে, তার সফল বাস্তবায়নে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত করতেই এ স্কিম চালু করা হয়েছে। এ স্কিমের আওতায় ব্যাংক থেকে ঋণ নিয়ে পিকেএসএফের সহযোগী সংস্থাগুলো তা ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করবে এবং ঋণের গ্যারান্টি প্রদান করবে পিকেএসএফ। পিকেএসএফের নিবিড় তদারকির ফলে ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত