রাজধানীর খিলগাঁও ত্রিমোহনীতে বাবার সঙ্গে ঘুরতে বের হয়ে দুই বাসের রেষারেষিতে আল রাহিদ (৬) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খুলনা সদর বসুপাড়া এলাকার মো. আক্তার হোসেনের ছেলে রাহিদ। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট। বর্তমানে পরিবারটি খিলগাঁও নন্দীপাড়ায় ২ নম্বর স্কুল রোড এলাকায় একটি টিনশেড বাসায় ভাড়া থাকে। স্থানীয় শিশু শিক্ষা নামে একটি স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত সে।
নিহত শিশুর বাবা আক্তার হোসেন বলেন, বিকেলে ছোট ছেলে বায়না ধরে মাছ ধরা দেখতে যাবে। সেজন্য তাকে নিয়ে মাছ ধরা দেখতে যাচ্ছিলাম স্থানীয় একটি বিলে।
খিলগাঁও ত্রিমোহনী ইমামবাগ এলাকার ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় দুটি বাস রেষারেষি করে চলছিল। তখন একটি বাস ধাক্কা দিলে ২ জনই রাস্তায় পড়ে যায়।
শিশুটির প্রতিবেশী খালা কামরুন্নাহার এনি জানান, বাস ধাক্কা দিলে যখন তারা দুজন রাস্তায় পড়ে যান তখন ওই বাস শিশুটিকে চাপা দিয়ে আবার টেনেহিঁচড়ে নিয়ে যায়। তখন তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার ওসি মো. ফারুকুল আলম জানান, দুটি বাস রেষারেষি করতে গিয়ে একটি বাস ফুটপাতে উঠে গিয়ে শিশুটিকে ধাক্কা দেয়। দুটি বাসই জব্দ ও চালকদের আটক করা হয়েছে।
শিশুটির বাবা একটি কারখানায় কাজ করেন। মা শাহানা বিবি গৃহিণী। নানি নুর বানুর বাসায় থাকত রাহিদের পরিবার।