বেনাপোল সীমান্তে ২০ স্বর্ণের বার জব্দ

ভারতে পাচারের সময় বেনাপোলের শিকারপুর সীমান্ত থেকে ২০টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি সদস্যরা।

সোমবার সকালে শিকারপুর সীমান্তে একটি সরিষা ক্ষেতের মধ্য থেকে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সূত্রে খবর আসে শিকারপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন খবর পেয়ে বিজিবির একটি টহলদল সেখানে অবস্থান নেয়।

তারিকুল ইসলাম তারেক নামে একজন লোক মাঠের মধ্যে সরিষা বাগানে অবস্থান করছে বিজিবি তাকে ধাওয়া দিলে তিনি একটি কাপড়ের ব্যাগ ফেলে পালিয়ে যায়।

পরে ব্যাগ তল্লাশি করে ২ কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের মূল্য ২ কোটি ১৮ লাখ টাকা বলে বিজিবি জানায়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, পাচারকারী তারিকুল ইসলাম তারেক ভারতে পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।