এবার শিডিউল জটিলতার কারণে ঢাকা সফরে আসতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে খুব শিগগিরই তিনি বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। গতকাল সোমবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে টেলিফোন আলাপে রুশ পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
ভারত মহাসাগরীয় দেশগুলোর জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রিপর্যায়ের বৈঠকে যোগ দিতে আগামীকাল বুধবার ঢাকায় আসার কথা ছিল ল্যাভরভের। প্রথমবারের মতো রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এ সফরে ল্যাভরভের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতেরও কথা ছিল।
গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেলিফোনে আলাপের সময় দুই মন্ত্রী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আলোকপাত এবং এ সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকার কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সব সময় কৃতজ্ঞতার সঙ্গে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা মনে রাখবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার জন্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। এর পরিপ্রেক্ষিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ মিয়ানমারের সঙ্গে কথা বলবেন বলে আশ্বস্ত করেন।
জাতিসংঘ ও অন্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার সহযোগিতা নিয়েও দুই মন্ত্রী কথা বলেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বাংলাদেশকে সহযোগিতার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।