শেখ হাসিনাকে দেবীর সঙ্গে তুলনা করলেন আসামের স্পিকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেবীর সঙ্গে তুলনা করে আসামের বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দাইমারি বলেছেন, তিনি (শেখ হাসিনা) দেবীর মতো। দেবী এ দেশের উন্নতির জন্য কী কী করেছেন সেটা দেখতে এসেছি।  সংগ্রামের পর এ দেশটা (বাংলাদেশ) যেভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়েছে, সেটা অনন্য।

গতকাল সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন আসামের বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দাইমারি।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ দেখতে এসেছি। ৭৫ বছর আগে বাংলাদেশ ও আসামের মধ্যে যে সম্পর্ক ছিল, আমি সেটি ফিরিয়ে আনতে চাই। আশা করি, আমরা সেই সম্পর্ককে এগিয়ে নিতে সক্ষম হব।’

পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন বলেছেন, ‘আমরা (বাংলাদেশ-ভারত) আঞ্চলিক স্থিতিশীলতা চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই সন্ত্রাসবাদ মোকাবিলায় সফলতা দেখিয়েছেন। যার ফলে আসামেও শান্তি বিরাজ করছে। আমরা শান্তি ও স্থিতিশীলতায় বিশ্বাসী।’

এ সময় আসাম থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আনার কাজ প্রক্রিয়াধীন বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।

এনআরসি ইস্যুতে কোনো আলোচনা হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।’

ভারতের আসাম রাজ্যের বিধানসভার স্পিকারের নেতৃত্বে  ৩৩ জন সংসদ সদস্যসহ ৬২ জনের একটি প্রতিনিধিদল গত শনিবার বাংলাদেশ সফরে এসেছে।

ভারতের আসাম রাজ্যের বিধায়ক প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দাইমারি সাংবাদিকদের বলেন, ‘আসামের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বাড়াতেই শুভেচ্ছা সফর হিসেবে ঢাকা এসেছি। সংসদীয় ব্যবস্থাসহ অন্যান্য বিষয়ে বাংলাদেশের অবস্থা সম্পর্কে জেনেছি।’

ঢাকা সফরকালে বিধানসভার সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গেও বৈঠক করেছেন।

আসাম বিধায়ক প্রতিনিধিদলে একটি সাংস্কৃতিক দলও আছে। তারা বেশ কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে। এরপর প্রতিনিধিদলটি খাগড়াছড়ি যাবে। সেখানে তারা বোড়ো জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে। সফর শেষে ২৩ নভেম্বর প্রতিনিধিদলটি ঢাকা ছাড়বে।