রাশিয়া বিশ্বকাপে ফাইনালে খেলেছিল ক্রোয়েশিয়া। তবু প্রশ্ন থেকেই যায় কাতারে ক্রোয়াটরা যাবে কত দূর? আজ এফ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়া মুখোমুখি হবে মরক্কোর। আফ্রিকার দেশ মরক্কো এর আগে একবারই মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়ার। ১৯৯৬ সালের সেই ম্যাচে টাইব্রেকারে জয় নিয়ে মাঠ ছেড়েছিল ক্রোয়াটরা।
র্যাংকিংয়ে ক্রোয়েশিয়া আছে ১৮ নম্বরে, মরক্কো ২২-এ। তবে ক্রোয়েশিয়া ইউরোপের দল বলেই অনেকে ম্যাচে এগিয়ে রাখছে তাদের। দলটি ফর্মেও আছে। জিতেছে নিজেদের শেষ ৫ ম্যাচই। এর মধ্যে নেশন্স লিগে জয় আছে ফ্রান্স, ডেনমার্কের মতো দলের বিপক্ষে। ২০২২-২৩ নেশন্স লিগে ফ্রান্স, ডেনমার্ককে পেছনে ফেলে ফাইনালসে জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া। বিশ্বকাপ শুরুর আগে প্রীতি ম্যাচে সৌদি আরবের সঙ্গে ১-০ তে জিতেছে ক্রোয়েশিয়া। ইউরো ২০২০-এ শেষ ষোলো থেকে বাদ পড়ার পর আবারও ধীরে ধীরে উন্নতি করেছে ক্রোয়েশিয়া। ইউরোর পর থেকে ১৬ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে ক্রোয়াটরা।
ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ মিডফিল্ড সামলাবেন। মিডফিল্ডই দলটির মূল ভরসার জায়গা। মদ্রিচের সঙ্গে আছেন নিকোলা ভøাসিচ, মারিও পাসালিকের মতো খেলোয়াড়। ক্রোয়েশিয়ার সবশেষ ম্যাচে গোলদাতা আন্দ্রে ক্রামারিচ। তার সঙ্গে আক্রমণভাগে থাকতে পারেন ইভান পেরিসিচ ও মিসলাভ ওরাসিক।
মরক্কোও আছে ফর্মে। শেষ ৫ ম্যাচে অপরাজিত তারাও। অবশ্য এই ম্যাচগুলোতে মরক্কো খেলেছে জর্জিয়া, প্যারাগুয়ে, চিলি, লাইবেরিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। মরক্কো ২০১৮ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্পেনকে রুখে দিয়েছিল ২-২ এ। আফ্রিকা নেশন্স চ্যাম্পিয়নশিপের গেল দুই আসরের শিরোপা জিতেছে মরক্কো।