রায়পুরায় সড়কে নিভল মোটরসাইকেল আরোহীর প্রাণ

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাসের চাপায় সাইফুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত সাইফুল ইসলাম মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার মুছাকান্দা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলা ভিটিমরজাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, ভৈরব থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাস ঢাকা-সিলেট মহাসড়কের ভিটিমরজাল এলাকায় আসা মাত্রই বিপরীত দিক থেকে আসা ভৈরবগামী একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও মাইক্রোবাসের সামনের অংশে কিছুটা দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে গুরুতর আহত হন মাইক্রোবাসে থাকা একজন ও মোটরসাইকেলে থাকা দুই আরোহী। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেওয়ার পথে সাইফুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। গুরুতর আহত অপর দুজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার পরিদর্শক মোজাম্মেল হক জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। এ ঘটনায় একজনের মৃত্যুর কথা জানা গেছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।