পতাকা ছেঁড়ায় থানায় অভিযোগ আর্জেন্টিনা সমর্থকের

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আর্জেন্টিনার পাতাকা ছেঁড়ার অভিযোগে থানায় ব্রাজিল সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ করেছেন আর্জেন্টিনার এক সমর্থক। বুধবার (২৩ নভেম্বর) সকালে সরিষাবাড়ী থানায় অভিযোগ করেন আর্জেন্টিনা সমর্থক মাসুদুর রহমান।

থানার অভিযোগে সূত্রে জানা যায়, সরিষাবাড়ীতে আর্জেন্টিনা সমর্থকরা ১০৬০ ফুট দৈর্ঘ্যের পতাকা তৈরি করেন। পাতাকাটি সরিষাবাড়ী বাজারে বিজেএমসি মসজিদের সামনে থেকে ডাকবাংলো এলাকা পর্যন্ত টাঙানো হয়। গত মঙ্গলবার (২২ নভেম্বর) সৌদি আরবের কাছে আর্জেন্টিনা হেরে যাওয়ার পর সন্ধ্যায় ব্রাজিল সমর্থকরা আনন্দ মিছিল করে। রাতে অজ্ঞাত কজন ব্রাজিল সমর্থক সোনালী ব্যাংক কমপ্লেক্সের সামনে পতাকার কিছু অংশ ছিঁড়ে ফেলে‌।

আর্জেন্টিনা সমর্থক মাসুদুর রহমান বলেন, '১০৬০ ফুট দৈর্ঘ্যের পতাকা তৈরি করে টাঙিয়েছি। পতাকা টাঙানোর দিন আমি ঘোষণা দিয়েছিলাম, আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপে জয়লাভ করলে পাঁচটি গরু জবাই করে খাওয়াব। রাতে ব্রাজিল সমর্থকরা আনন্দ মিছিল করে। মিছিলের পরে পতাকার কয়েক জায়গায় কেটে ফেলেছে। বিষয়টি জানার
পরে আমি থানায় অভিযোগ করেছি। অভিযোগের তদন্ত শুরু হয়েছে‌।'

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন, 'পতাকা ছিঁড়ে ফেলার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেব।'