ফুটবল কেন পড়ে রইল মাঠের পাশে

ফুটবল জ্বরে কাঁপছে দেশ, কাঁপছে সারা বিশ্ব। ক্রিকেটের জ্বরে অবশ্য কয়েকটি দেশ ছাড়া কেউ আক্রান্ত হয় না। আবার এমন দেশও আছে যেখানে ক্রিকেট খেলা দেখাই যায় না। মাঠে তো নয়ই, মিডিয়াতেও নয়। কিন্তু পৃথিবীতে এমন দেশ খুব কম আছে যারা ফুটবল খেলা দেখে না। আমাদের দেশে আমরা ছোটবেলা থেকেই ফুটবলে আক্রান্ত। সেই সুদূর শৈশবে বুটবিহীন খালি পায়ে খেলোয়াড়দের খেলা দেখেছি। তারপর বুট পরাটা ছিল একটা বড় ঘটনা। গ্রামে-গঞ্জে চামড়ার ফুটবল ছাড়াও জাম্বুরা দিয়েও খেলা হতো। স্বয়ং ম্যারাডোনা তার বাল্যকালে চামড়ার ফুটবল দিয়ে খেলতে পারেননি। নিজেরা কাপড় দিয়ে বল তৈরি করে তাই দিয়ে খেলা শুরু করেছিলেন। ফুটবল এক উত্তেজনাকর ক্রীড়া এবং অল্প সময়েই তার সিদ্ধান্ত হয়ে যায়। ছোটবেলায় এক গ্রামের সঙ্গে আরেক গ্রামের খেলা হতো। তার জন্য দীর্ঘ প্রস্তুতি, খেলার দিন সাজ সাজ রব, খেলায় মারামারি, কখনো রেফারির পলায়ন এবং খেলা শেষে ছোট্ট একটা শিল্ড বা কাপ নিয়ে এলাকায় প্রবল আনন্দ অভিযান। খেলোয়াড়দের মধ্যে কেউ কেউ হায়ারের সুযোগ পেয়ে যেতেন। দূর-দূরান্তে খেলাধুলা করে দু’পয়সা উপার্জনও করতেন তারা। খেলার দক্ষতা বাড়লে মহকুমা বা জেলা শহর থেকে ডাক আসত আর ঢাকায় সুযোগ পেলে তো কথাই নেই। ফুটবল খেলা ছিল স্কুলে আমাদের কাছে এক আনন্দ অভিযাত্রা। যেটা শুরু হতো ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট থেকে। আমরা হেঁটে হেঁটে থানা শহরে যেতাম। কখনো বিজয়ের আনন্দ নিয়ে ফিরে আসতাম আবার কখনো পরাজিত হয়ে বিমর্ষ চেহারা নিয়ে বাড়ি ফিরতাম। স্কুলে যারা ফুটবল খেলায় দক্ষ ছিলেন তারা এক ধরনের তারকা হিসেবে গ্রামে বিবেচিত হতেন।

পাকিস্তান আমলেও ঢাকার স্টেডিয়ামে যখন আগাখান গোল্ডকাপ হতো তখন অনেক বিদেশি দলও এসে এখানে খেলে যেত। ঢাকা স্টেডিয়াম তখন উত্তেজনা ও উৎসবের কেন্দ্র। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রাচীন মোহামেডান এবং নতুন আবাহনী ফুটবলে একটা বড় ধরনের জোয়ারের জন্ম দেয়। আরও কিছু দল কাছাকাছি থাকলেও ফুটবল প্রেমিকদের কাছে এই দুটি দলই ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে। অনেক দিনই এই অবস্থা চলেছে। এর মধ্যেই এক ধরনের মন্দা দেখা দেয় বাংলাদেশের ফুটবলে। সেই মন্দার কাল এখনো চলছে। শুধু আমাদের এখানে নয়। কলকাতা স্টেডিয়ামেই ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের খেলা নিয়ে কত ঘটনার জন্ম হয়েছে; উপন্যাস, নাটক, গান, সিনেমার জন্ম হয়েছে। শুধু তাই নয় প্রেম-ভালোবাসা এমনকি বৈবাহিক সম্পর্ককেও এই দুটি দল প্রভাবিত করেছে। আর তারকারা তো ভালো উপার্জনও করতেন। আমাদের দেশের খেলোয়াড়রদেরও একবার তারকা হলে তার অর্থ, বিত্ত, সামাজিক প্রভাব সবই বেড়ে যেত।

আমাদের জাতি সব সময়ই একরৈখিক। ক্রিকেট এলো, সমস্ত মনোযোগ ক্রিকেটে। সরকার তো বটেই পৃষ্ঠপোষকরাও মুখ ফিরিয়ে নিলেন ফুটবল থেকে। আর ভোগ্যপণ্যের বিজ্ঞাপনদাতারা দেখলেন এই খেলায় তো অনেক সময় পাওয়া যায় তাই দিনভর বিজ্ঞাপন দেওয়ার জন্য এই খেলাটি যথার্থ। তাই পৃষ্ঠপোষকতা জুটল, টাকা এলো বানের পানির মতো। আর ফুটবল নিরীহ বালকের মতো মাঠের পাশে বসে রইল। ফুটবলে এগার জন খেলে মাঠে কিন্তু তার পেছনে থাকে একদল অত্যন্ত ফুটবলপ্রেমী উৎসর্গীকৃত সংগঠক। কারও কারও রাত-দিনের চিন্তায়, জীবনযাপনে, চেতনায় শুধুই ফুটবল। সেই সংগঠকরাও একসময় হাল ছেড়ে দিলেন। তাই আজ ফুটবলের দর্শকরা পৃথিবীর দুটি বড় দলের সমর্থক। সমর্থনটা এত তীব্র যে বাড়িতে বাড়িতে তাদের পতাকা উড়িয়েই শেষ নয়, মারামারি হাতাহাতি থেকে শুরু করে প্রেম-ভালোবাসাকেও তা প্রভাবিত করছে। এবার তো ব্যাপকভাবে কার পতাকা কত বড় হবে তাই নিয়ে প্রতিদ্বন্দ্বিতা চলছে। ইংরেজি শিক্ষার ফলে আমাদের বর্ণমালা যেমন দুঃখিনী হয়েছে তেমনি ক্রিকেট আসার ফলে ফুটবলও কি দুঃখিনী হয়ে থাকবে? ফুটবলরসিকরা বলেন ফুটবল একটা রাজনীতির শিকার হয়েছে। ফুটবল খেলার যারা জাতীয় পর্যায়ের সংগঠক তাদের মধ্যে এক ধরনের রাজনীতি আছে। যে রাজনীতি কোনো শিল্পকে এগুতে দেয় না। মতভেদ থাকে কিন্তু পরমতসহিষ্ণুতা থাকে না, ফলে সেখানে জন্ম নেয় স্বৈরাচার। আমাদের দেশে সরকারের সমর্থন না থাকলে কোনো কাজ করা যায় না। কিন্তু এইসব ক্ষেত্রে সরকারসমর্থিত ব্যক্তি সবসময় পাওয়া যাবে এটাও বাস্তব নয়। কিন্তু সরকার সবসময়ই খোঁজে নিজেদের লোক। এই নিজেদের লোক খুঁজতে গিয়ে অনেক সময় অযোগ্য লোকরা বড় বড় দায়িত্ব পেয়ে যায়। অযোগ্য লোকদের একটা সমস্যা হচ্ছে তাদের চারপাশে খুব দ্রুতই জুটে যায় স্তাবক। এই স্তাবকদের সমস্যা হচ্ছে তারা যেকোনো ব্যক্তিকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে দিতে পারে এবং ওই অযোগ্য লোকটি নিজেকে এত যোগ্য ভাবতে থাকে যে তার বুদ্ধি লোপ পায়। নিজের সম্পর্কে একটা উদ্ভট ধারণা জন্মায় এবং ফ্যান্টাসির জগতে ভাসতে থাকে। ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে সম্ভবত একই অবস্থা হয়েছে। ষোল কোটির দেশে এগার জন যোগ্য ফুটবলার পাওয়া যাবে না এটি একটি অসম্ভব ভাবনা। এদেশে বাঙালিরা ছাড়াও পঞ্চাশটি আদিবাসী আছে। পাহাড়ের আদিবাসীরা অত্যন্ত দক্ষ খেলোয়াড় হয়। এবার নারী ফুটবল প্রমাণ করল আদিবাসীরা কত উঁচুমানের ফুটবলার। কিন্তু আমাদের জাতীয় দলে একজনও আদিবাসী খেলোয়াড় নেই। অথচ অতীতে বেশ কয়েকজন আদিবাসী খেলোয়াড় জাতীয় দলে এবং বড় বড় ক্লাবে খেলে আমাদের ফুটবলকে গৌরবান্বিত করেছে। আমি নিজে একবার বিকেএসপিতে আদিবাসীদের জন্য ভর্তির সুবিধা করার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু সেই চেষ্টা বিফলে গিয়েছে।

নারীরা ফুটবল চ্যাম্পিয়ন হওয়াতে আমরা খুব গৌরবান্বিত হয়েছি আবার বাংলাদেশে ফুটবলের একটা সোনালি ভবিষ্যতের আশাও দেখতে পাচ্ছি। ফুটবল ক্রিকেটের মতো এত ব্যয়বহুল খেলা নয়। ক্রিকেট যেমন মানুষকে দিনের পর দিন অলস করে রাখে কিন্তু ফুটবলের আনন্দ, বেদনা, সংঘাত সব কিছুই নব্বই মিনিটেই শেষ হয়ে যায়। ক্রিকেটের এই দীর্ঘসূত্রতার কারণে হিটলার এই খেলাটি জার্মানিতে নিষিদ্ধ করে দিয়েছিল। খোদ ইউরোপে এক ইংল্যান্ড ছাড়া অন্য দেশগুলো ক্রিকেট খেলে না। কিন্তু ফুটবলে তাদের আগ্রহ অসীম। ছোট-বড় প্রায় অনেকগুলো দেশ বিশ্বকাপেও অংশ নিচ্ছে। পৃথিবীর অনেক জনবহুল দেশ যেমন চীন এবং রাশিয়াতে ক্রিকেটকে শত চেষ্টা করেও জনপ্রিয় করা যায়নি। একমাত্র ব্রিটিশ উপনিবেশে এই খেলাটি জনপ্রিয় করা হয়েছে শুধু তাদের স্বার্থেই। ক্রিকেট মানেই ব্রিটিশের আধিপত্য। যাহোক, ক্রিকেটও বাংলাদেশের একটা বাস্তবতা। নানা কারণেই ক্রিকেট জনপ্রিয় হয়েছে কিন্তু ফুটবলকে অবহেলা করা কেন?

দেশ স্বাধীন হওয়ার পর তদানীন্তন ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা এক লাখ ফুটবল বিনামূল্যে বিতরণ করেছিল। তাতে সরকারের কাছ থেকে সদ্য স্বাধীন দেশে একটি ফুটবল পেয়ে সবাই ধন্য হয়েছিল। ফুটবলের একটা সংস্কৃতি প্রায় একশ-দেড়শ বছর ধরে আমাদের সমাজে আছে। এই সংস্কৃতিটাকে গুরুত্ব দিলে মানুষ সংঘবদ্ধ হতে পারে। মানুষের মধ্যে এক ধরনের জাতীয় চেতনার উন্মেষও হতে পারে। যদিও সব সংস্কৃতিকে ছাপিয়ে এখন টাকার সংস্কৃতি মুখ্য তার হাওয়া লেগেছে সর্বত্র। খেলোয়াড়সহ বিভিন্ন ক্রীড়া ও শিল্পের তারকারাও টাকাটা চিনেছেন খুব ভালো। তারা তাদের উত্থানপর্বের ইতিহাস ভুলে গিয়ে পরিশ্রমবিমুখ হয়ে পড়েন এবং অনেক সময় অতি প্রচারণার চাপও সামলাতে পারেন না। গতকাল কাতার বিশ্বকাপে পৃথিবীর অন্যতম ধনী ফুটবলার মেসির মুখে তারই প্রতিফলন হিসেবে তীব্র হতাশা দেখা গেছে। বলা হয়ে থাকে, আমাদের দেশের মানুষ অপুষ্টিতে ভোগে এবং খেলোয়াড়রাও তার বাইরে নয়। কিন্তু খেলোয়াড়দের যে ধরনের পুষ্টি দরকার এটা অর্জন করা কোনো কঠিন কাজ নয়। কিন্তু যেটি কঠিন কাজ সেটি হচ্ছে মানসিকভাবে নিজেকে তৈরি করা। সক্ষমতা শুধু শারীরিক হলেই হয় না। সক্ষমতার সঙ্গে মানসিকতাও যুক্ত। একদা আমাদের ফুটবল খেলোয়াড়রা এশিয়ার বহুদেশীয় টুর্নামেন্ট মারদেকায় অংশ নিত এবং তাতে অনেক কৃতিত্বের নজির আছে। ফুটবল যদি আবার জনপ্রিয় হয়ে ওঠে তাহলে দেখা যাবে শত শত কিশোর-তরুণ পুষ্টির সমস্যাকে সমাধান করে খেলায় নেমে পড়ছে। কলসিন্দুরের মেয়েরা যে অবস্থা থেকে এসেছে সে সমাজ কি খুব পুষ্টি দান করতে পারে? কাজেই রাষ্ট্রকেও নাগরিকদের অদম্য করে তুলতে হবে। তবেই খেলোয়াড়রাও অদম্য হবে।

লেখক: নাট্যকার, অভিনেতা ও কলামিস্ট

mamunur530@gmail.com