এ বছরের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করে ‘কোক স্টুডিও বাংলা’। প্রথম গান ‘নাসেক নাসেক’ দিয়ে জনপ্রিয়তার শীর্ষে। ৮ মাসে ১০টি গান দিয়ে শেষ হয়েছে এর প্রথম মৌসুম। আসছে জানুয়ারিতে শুরু হবে দ্বিতীয় সিজন। নতুন আয়োজনে গাইবেন উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা। এরই মধ্যে রুনা লায়লার কাছ থেকে সবুজ সংকেতও পেয়েছেন আয়োজক কর্তৃপক্ষ। রুনা লায়লা নিজেও খবরটি নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে রুনা লায়লা জানান, ‘আমাকে অ্যাপ্রোচ করেছে। আমি রাজি হয়েছি। নিশ্চয় করব। এখন দেখা যাক, কবে নাগাদ করা যায়।’ জানা গেছে, নতুন সংগীতায়োজনও শুরু হয়ে গেছে। সংগীতায়োজন করছেন সংগীত পরিচালক অর্ণব ও ইমন চৌধুরী।
কোক স্টুডিও বাংলা প্রসঙ্গে রুনা লায়লা বললেন, ‘খুব চমৎকার উদ্যোগ। ভারত ও পাকিস্তানে অনেক দিন ধরে হচ্ছে। বাংলাদেশে শুরু হওয়ায় ভালো হচ্ছে। এই প্ল্যাটফর্ম গানগুলো নতুন করে সংগীতায়োজন করে প্রচারের উদ্যোগ নিয়েছে। সুন্দর আয়োজনে ভিডিও হচ্ছে। ভালোই হচ্ছে। এতে করে দেশের অনেক মেধাবী শিল্পী উঠে আসবে। বিশ্ব প্রেক্ষাপটে নিজেদের মেলে ধরতে পারবে।’